ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করবে সরকার। এ লক্ষ্যে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর একটি রাষ্ট্রীয় অতিথিশালায় ব্রিফিংয়ের আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের এ ব্রিফিংয়ে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মঙ্গলবার সকাল ৯টায় ব্রিফিং শুরু হওয়ার কথা রয়েছে। এতে কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তবে ব্রিফিংয়ের আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর তিনি সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠককে দেশের গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যের প্রতিফলন হিসেবে দেখছে সরকার।
সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, দলীয় পরিচয় ও আদর্শিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে পতিত স্বৈরাচারী শক্তির দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে সব গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে।
মাহদী আমিন বলেন, ‘পতিত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রাজনৈতিক মত, বিশ্বাস ও আদর্শের পার্থক্য থাকলেও সব গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী শক্তি ঐক্যবদ্ধ।’
কেকে/ এসএমএন