স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম্প) প্রকল্প এবং এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) কার্যক্রম পর্যালোচনায় উন্নয়ন সহযোগী সংস্থা জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন কেএফডব্লিউর রিভিউ মিশন শুরু হয়েছে।
কেএফডব্লিউর পোর্টফোলিও ম্যানেজার জোহানেস হ্যাংগস্টের নেতৃত্বে মিশন দলের অন্য সদস্যরা হলেন প্রিন্সিপাল টেকনিক্যাল এক্সপার্ট পিটার রোনি ও পোর্টফোলিও কোঅর্ডিনেটর (আরবান ডেভেলপমেন্ট) এসকে তৌহিদুর রহমান।
রোববার (২২ নভেম্বর) সকালে মিশন টিম ক্রিলিকের কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় অংশ নেয়।
সভায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক সালমা শহীদ উপস্থিত ছিলেন। পরে মিশন ক্রিম্পের অগ্রগতি নিয়ে আলোচনা যোগ দেয়।
দুপুরে মিশনের কিক-অফ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী সাইফুল কবীর এবং এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ক্রিলিকের পরিচালক সালমা শহীদ।
ক্রিম্পের প্রকল্প পরিচালক মো. আবদুল খালেক বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপনের মাধ্যমে প্রকল্পের অগ্রগতির সামগ্রিক চিত্র তুলে ধরেন। ক্রিম্প-ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীরা, ডিএমএস কনসালট্যান্টের টিম লিডার, ডেপুটি টিম লিডারসহ বিভিন্ন পর্যায়ের পরামর্শকরা এ সময় উপস্থিত ছিলেন।
মিশনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মিশন সদস্যরা স্থানীয় সরকার বিভাগ (এলজিডি), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও জার্মান দূতাবাসের সঙ্গে ক্রিলিকের কার্যক্রম ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।
কেকে/এমএ