ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে আগামী পাঁচ বছরে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ খাতের উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে একই সময়ে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে। দেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান বাড়ানো এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।
রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘বছরের পর বছর চাকরি না খুঁজে নিজেকে চাকরিদাতা হিসেবে গড়ে তুলতে হবে।’ উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘এসএমই নীতিমালা প্রণয়ন করছে সরকার। এটি শিগগিরই বাস্তবায়ন করা হবে।’
এসএমই খাতের পণ্য ও উদ্যোক্তাদের আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এসএমই খাতের উন্নয়নে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত মেলায় অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।’
২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতির আকার এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েও কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, ‘২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। বড় শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি মাঝারি ও ছোট শিল্পপ্রতিষ্ঠান এগিয়ে নিতে ব্যবসার পরিবেশ উন্নয়ন, শিল্পের সক্ষমতা বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, মানবসম্পদ উন্নয়ন এবং অবকাঠামো সম্প্রসারণসহ বিভিন্ন খাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।’
অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। পুরস্কারের বিভাগগুলো হলো বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।
এবারের মেলায় সারা দেশের ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে বিভিন্ন অঞ্চলের ৩৮০ জন উদ্যোক্তা নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করছেন। মেলার মাধ্যমে দেশীয় উদ্যোক্তাদের পণ্যের প্রচার, বাজার সম্প্রসারণ এবং ক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। এতে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
স্বাগত বক্তব্যে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
কেকে/ এসএমএন