রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
জাতীয়
আকাশপথে অগ্রযাত্রায় পিছিয়ে বাংলাদেশ
মাহফুজুল আলম খোকন
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আন্তর্জাতিক আকাশপথে নিজেদের অবস্থান তৈরির লক্ষ্যে একটি উড়োজাহাজ দিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ। কিন্তু ৫৪ বছর পর সেই যাত্রার ফলাফল দাঁড়িয়েছে মাত্র ১৯টিতে। অথচ একই সময় যাত্রা শুরু করা সিঙ্গাপুর এয়ারলাইন্সের নিজস্ব বহরে যুক্ত হয়েছে ১৫৯টি উড়োজাহাজ। প্রশ্ন উঠছে—একই সময়ে যাত্রা শুরু করেও বাংলাদেশ কেন এত পিছিয়ে? বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে শুধু রুট থাকলেই হবে না, প্রয়োজন পর্যাপ্ত উড়োজাহাজ, নির্ভরযোগ্য পরিচালনা, সময়ানুবর্তিতা ও মানসম্মত যাত্রীসেবা।

১৯৭২ সালের ৪ জানুয়ারি মাত্র একটি ডিসি-৩ উড়োজাহাজ নিয়ে যাত্রা শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সেদিন স্বাধীন দেশের আকাশে লাল-সবুজ পতাকা নিয়ে উড়েছিল জাতীয় পতাকাবাহী সংস্থাটির প্রথম বিমান। একই বছর মালয়েশিয়া-সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিভক্তির মধ্য দিয়ে স্বতন্ত্রভাবে যাত্রা শুরু করে সিঙ্গাপুর এয়ারলাইন্স ও মালয়েশিয়ান এয়ারলাইন সিস্টেম। এরপর পেরিয়েছে ৫৪ বছর। কিন্তু তিন দেশের বিমান সংস্থার অগ্রগতির চিত্রে তৈরি হয়েছে বড় ধরনের পার্থক্য। ২০২৬ সালের সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, সিঙ্গাপুর এয়ারলাইন্সের নিজস্ব বহরে যুক্ত আছে ১৫৯টি উড়োজাহাজ। এর মধ্যে ১৫২টি যাত্রীবাহী ও সাতটি কার্গো বিমান। সহযোগী প্রতিষ্ঠান স্কুটসহ পুরো গ্রুপের বহর ২২৪টি। অন্যদিকে মালয়েশিয়া এয়ারলাইন্সের বর্তমান বহরে রয়েছে ৯৩টি উড়োজাহাজ। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক আকাশপথে প্রতিযোগিতা করছে মাত্র ১৯টি উড়োজাহাজ নিয়ে।

বিমান নিয়ে অভিযোগের শেষ নেই : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীসেবা নিয়ে অভিযোগের যেন শেষ নেই। ফ্লাইট বিলম্ব, লাগেজ হারানো, কেবিনক্রুদের আচরণ, খাবারের মান ও টিকিট প্রাপ্তিতে ভোগান্তিসহ নানা অভিযোগে ক্ষুব্ধ যাত্রীরা। ‎চলতি বছরের ১ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৪ জন সংসদ সদস্য লাগেজ ও জমজমের পানি না পাওয়ার অভিযোগ করেন। 

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এক মাসেও এসব অভিযোগের জবাব দেয়নি বিমান। বিষয়টি নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সদস্যরা। যদিও বিমানের ব্যবস্থাপনা পরিচালক প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে দুই কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। প্রশ্ন উঠছে, সংসদ সদস্যরাই যদি বিমানসেবায় এমন ভোগান্তির শিকার হন, তাহলে সাধারণ যাত্রী, বিশেষ করে প্রবাসী শ্রমিকদের দুর্ভোগ কতটা? এছাড়াও চলতি বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন ফ্লাইটে একের পর এক যান্ত্রিক ও কারিগরি ত্রুটির ঘটনা সামনে এসেছে। সিলেট-জেদ্দা ফ্লাইটে ২২ ঘণ্টা, টরন্টো-ঢাকা রুটে প্রায় ৪০ ঘণ্টা পর্যন্ত যাত্রী ভোগান্তি, কাঠমান্ডু-ঢাকা ফ্লাইটে ৭ ঘণ্টা এবং ঢাকা-রোম-টরন্টো রুটে ৬ ঘণ্টা বিলম্বের ঘটনা ঘটে। আবার অভ্যন্তরীণ ডোমেস্টিক ফ্লাইট কক্সবাজার-ঢাকা ফ্লাইটে হাইড্রোলিক ত্রুটিতে জরুরি অবতরণ এবং জাপানের নারিতা বিমানবন্দরে স্পয়লার ত্রুটিতে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট প্রায় ৫ ঘণ্টা বিলম্বিত হয়। এসব ঘটনায় উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ ও কারিগরি সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে ক্ষুণ্ন হচ্ছে রাষ্ট্রীয় এই সংস্থাটির সুনাম।

অন্যদিকে চলতি নভেম্বরে সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে পরিচালনাগত বিধিনিষেধের কারণে মোট ১৯৮টি ফ্লাইট বাতিল-ব্যাহত হয়েছে। এতে ২৩ হাজার ৩৭৯ জন যাত্রী ভোগান্তিতে পড়েন। এখানেও ফুটে উঠেছে পরিচালনা পরিষদের দক্ষতা ও যোগ্যতার অভাবের বিষয়টি।

আন্তর্জাতিক বাজারে বিমানের সম্ভাবনা : বাংলাদেশের বিপুল প্রবাসী জনগোষ্ঠী, বিদেশগামী শ্রমিক, পর্যটক ও ব্যবসায়ীদের কেন্দ্র করে আন্তর্জাতিক বিমানবাজারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বড় সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ায় রুট সম্প্রসারণ, ট্রানজিট যাত্রী আকৃষ্ট করা এবং কার্গো পরিবহনের মাধ্যমে আয় বাড়ানোর সুযোগ রয়েছে। তবে উড়োজাহাজ সংকট, সেবার মান ও বিদেশি এয়ারলাইন্সের সঙ্গে প্রতিযোগিতা বিমানের অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রশ্ন উঠছে, বাজার ও যাত্রী চাহিদা থাকার পরও সেই সুযোগ কাজে লাগাতে কতটা প্রস্তুত বিমান?

চ্যালেঞ্জ মোকাবিলায় কতটা কার্যকর বিমান : ‎আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা মোকাবিলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহর সম্প্রসারণ, ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তি, জনবল নিয়োগ, প্রযুক্তির আধুনিকায়ন ও সেবার মানোন্নয়নের উদ্যোগ নিয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, এসব পরিকল্পনা বাস্তবে কতটা কার্যকর হচ্ছে, তা নির্ভর করবে সময়মতো উড়োজাহাজ বহরে যুক্ত করা, ফ্লাইটের সময়ানুবর্তিতা, যাত্রীসেবার মান, দক্ষ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক বাজারে নতুন রুট চালুর সক্ষমতার ওপর। পরিকল্পনা থাকলেও বাস্তব সাফল্যই হবে বিমানের কার্যকারিতার মূল মাপকাঠি।

‎বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটি রাজনৈতিক ও আমলাতান্ত্রিক জটিলতা থেকে গত ৫৪ বছরেও পুরোপুরি বের হতে পারেনি। এর সঙ্গে রয়েছে দক্ষ ও অভিজ্ঞ জনবলের ঘাটতি, সময়োপযোগী পরিকল্পনার অভাব এবং শতভাগ পেশাদারত্ব নিশ্চিত করতে না পারার অভিযোগ। যার প্রভাব দীর্ঘদিন ধরেই দেশের মানুষ ও যাত্রীদের সামনে দৃশ্যমান। সর্বোপরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে—ঘন ঘন যান্ত্রিক ত্রুটি, যন্ত্রাংশের সংকট, রক্ষণাবেক্ষণে দীর্ঘসূত্রতা, দক্ষ প্রকৌশলীর ঘাটতি, ফ্লাইট বিলম্ব ও বাতিল, দুর্বল যাত্রীসেবা, ব্যবস্থাপনাগত অদক্ষতা, অতিরিক্ত পরিচালন ব্যয় এবং বিমান গ্রাউন্ডেড থাকায় আর্থিক ক্ষতি। এসব সমস্যা একদিকে সংস্থার সুনাম ক্ষুণ্ন করছে; অন্যদিকে যাত্রীদের দুর্ভোগ বাড়াচ্ছে ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছে।

‎বিমানের দাবি : ‎বিমান অবশ্য এসব অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, প্রতিষ্ঠানটি আধুনিকায়ন, বহর সম্প্রসারণ ও সেবার মানোন্নয়নে এগিয়ে যাচ্ছে। নতুন ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তির মাধ্যমে বহরের সংকট কাটিয়ে আন্তর্জাতিক রুট সম্প্রসারণ ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বিমান কর্তৃপক্ষ যাত্রীদের আস্থা হারানোর বিষয়টি অস্বীকার করে জানিয়েছে, প্রতিষ্ঠানটি টানা পাঁচ বছর লাভজনক অবস্থানে রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে আয় ১১ হাজার ৫৫৯ কোটি টাকা, পরিচালন মুনাফা ১ হাজার ৬০২ কোটি এবং নিট মুনাফা ৭৮৫ কোটি ২১ লাখ টাকা। তাদের দাবি, জনবল নিয়োগ, প্রযুক্তির আধুনিকায়ন ও প্রশিক্ষিত কর্মীদের মাধ্যমে শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে উড়োজাহাজ ও জনবলের ঘাটতি রয়েছে, যা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

‎রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবস্থাপনার পরামর্শ : ‎বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভবিষ্যৎ ও সংকট উত্তরণে করণীয় সম্পর্কে উড়োজাহাজ বিশেষজ্ঞ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, সত্যিকার অর্থে বিমান ভাগ্যবান একটি সংস্থা। সরকার থেকে প্রতিষ্ঠানটি ভালো সহযোগিতা পেয়ে থাকে। বর্তমান সরকারও যে সহযোগিতা দিয়েছে, এ অবস্থায় প্রয়োজন সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা। রাষ্ট্রীয় এ সংস্থাটিকে সঠিক গন্তব্যে পৌঁছাতে হলে রাজনীতি ও আমলাতন্ত্রের প্রভাব থেকে মুক্ত করতে হবে। দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে শতভাগ পেশাদারত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি যোগ্যতাসম্পন্ন দক্ষ পরিচালনা পরিষদ গঠন করতে হবে। না হলে এটিকে ব্যক্তি মালিকানায় দেওয়ার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। উদাহরণ হিসেবে তিনি পার্শ্ববর্তী ভারত ও পাকিস্তানের বিমান সংস্থাগুলোর বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার কথা তুলে ধরেন। একই সঙ্গে ইথিওপিয়ার এয়ারলাইন্সের মতো সাফল্য ও পরিবর্তন বাংলাদেশ বিমানেও সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কেকে/ এসএমএন 










_


আরও সংবাদ   বিষয়:  বিমান বাংলাদেশ এয়ারলাইন্স   বিমান খাতের সংকট   আন্তর্জাতিক বিমান পরিবহন   সিঙ্গাপুর এয়ারলাইন্স   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close