মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা      ● উত্তরাঞ্চলে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল কয়েকটি দেশ      ● দেশের বিভিন্ন স্থানে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ চতুর্থ সভায় বসছে বোর্ড      ● আজ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন      
আন্তর্জাতিক
রয়টার্স এক্সক্লুসিভ
১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:২৩ এএম আপডেট: ২৪.১১.২০২৬ ১০:২৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন তার মুখপাত্র। এ জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এ তথ্য জানান। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের উদ্যোগ নিয়েছেন শেখ হাসিনা। ২০২৪ সালের আগস্টে প্রাণঘাতী ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর তার আগের পাসপোর্ট বাতিল করা হয়েছিল। নতুন করে নথিপত্র সংগ্রহের উদ্যোগ এবং দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। দেশে তার রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ রয়েছে।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে যেহেতু বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, তাই এখন তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ধরনের পরিস্থিতিতে সংবিধানবহির্ভূতভাবে তাকে নির্বাসনে পাঠানোর পর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা এখন সরকারের দায়িত্ব।’

এ বিষয়ে বাংলাদেশের সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি। তবে গত রোববার রয়টার্সকে এক বাংলাদেশি মন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ছাত্র-জনতার অভ্যুত্থান ও সংশ্লিষ্ট সহিংসতায় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন।

এদিকে গত বছরের নভেম্বরে ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারতে অবস্থান করে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

সূত্র: রয়টার্স 

কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  শেখ হাসিনা   প্রত্যর্পণ   
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close