মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বাস্তবতা ও প্রত্যাশা এক নয়, শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে হুমায়ুন কবির      ● ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা      ● উত্তরাঞ্চলে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল কয়েকটি দেশ      ● দেশের বিভিন্ন স্থানে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ চতুর্থ সভায় বসছে বোর্ড      ● আজ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল      
আন্তর্জাতিক
কৃষ্ণসাগরে হামলা ঘিরে জাতিসংঘে মুখোমুখি রাশিয়া-ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:৫৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং জ্বালানি অবকাঠামোয় হামলা ঘিরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।

সোমবার (২৩ নভেম্বর) নিরাপত্তা পরিষদের বৈঠকে দুই দেশ একে অপরের বিরুদ্ধে সামুদ্রিক নিরাপত্তা ও বেসামরিক অবকাঠামোতে হামলার অভিযোগ তোলে। এ সময় যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে জ্বালানি স্থাপনা ও সমুদ্রপথে হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে।

বৈঠকে রাশিয়ার প্রতিনিধি অভিযোগ করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও দেশটির সশস্ত্র বাহিনী গত জুলাই থেকে কৃষ্ণসাগর, আজভ সাগর, কাস্পিয়ান সাগর, বাল্টিক সাগর ও ভূমধ্যসাগরে ২০০টির বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এসব ঘটনায় ১২ জন নাবিক নিহত বা আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

রাশিয়ার প্রতিনিধি নতুন করে কোনো শস্যচুক্তি করার সম্ভাবনা নাকচ করে দেন। তার দাবি, আগের শস্যচুক্তির আওতায় রপ্তানি করা শস্যের মাত্র ৩ শতাংশ পেয়েছিল খাদ্যসংকটে থাকা দেশগুলো। বিপরীতে ইউক্রেনের কৃষিপণ্যের ৭০ শতাংশ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা বাজারে গেছে।

রাশিয়ার পক্ষ থেকে আরও বলা হয়, দেশটি কেবল সামরিক সরবরাহের কাজে ব্যবহৃত জাহাজ এবং দ্বৈত ব্যবহারের অবকাঠামোতে হামলা চালায়। বৈশ্বিক খাদ্যনিরাপত্তায় রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন প্রতিনিধি। তার দাবি, ১৬০টি দেশে খাদ্য সরবরাহ করে রাশিয়া।

অন্যদিকে ইউক্রেনের প্রতিনিধি অভিযোগ করেন, গত জুলাইয়ের মাঝামাঝি থেকে রাশিয়া প্রতিদিনই দেশটির জ্বালানি ব্যবস্থায় হামলা চালাচ্ছে। এতে প্রায় সব বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি জ্বালানি অবকাঠামোর ৮০০টির বেশি সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

তার দাবি, নভেম্বরে রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনের তিনটি তাপবিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়। এতে ৮ লাখ ৫০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন। এ ছাড়া জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ২৮ বারের মতো বাইরের বিদ্যুৎ সরবরাহ হারিয়েছে বলে নিরাপত্তা পরিষদকে জানায় ইউক্রেন।

ইউক্রেনের প্রতিনিধি আরও জানান, ইউক্রেনের জ্বালানি খাতে সহায়তার জন্য ৪১টি দাতা সংস্থার কাছ থেকে ২৪০ কোটি ইউরোর বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে। তবে শীত সামনে রেখে দেশটির সবচেয়ে জরুরি প্রয়োজন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পিএসি-৩ ইন্টারসেপ্টর চেয়েছে কিয়েভ।

সমুদ্রপথের নিরাপত্তা নিয়েও দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ওঠে। ইউক্রেনের দাবি, চলতি বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত বেসামরিক জাহাজে ৮৯টি হামলার ঘটনা ঘটেছে। ২০২৫ সালের পুরো সময়ে এ সংখ্যা ছিল ২৫।

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয় শস্য চুরির অভিযোগও তোলে কিয়েভ। দেশটির প্রতিনিধি অভিযোগ করেন, রাশিয়া তথাকথিত ‘শ্যাডো গ্রেইন ফ্লিট’ বা ছায়া শস্যবহরের মাধ্যমে ইউক্রেনের ভূখণ্ড থেকে শস্য সরিয়ে নিচ্ছে। তিনি বলেন, ইউক্রেনের ভূখণ্ড থেকে চুরি করা শস্য কেনা নয়, বরং জব্দ করা উচিত।

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি রাশিয়া ও ইউক্রেনকে বিদ্যুৎ অবকাঠামো, বেসামরিক বন্দর, খাদ্য বিতরণকেন্দ্র এবং বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, কৃষ্ণসাগরে খাদ্য সরবরাহ সুরক্ষিত রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো যুদ্ধের অবসান ঘটানো। চলমান হামলায় শস্য ও সারবাহী জাহাজ ডুবে যাওয়ার পাশাপাশি বাণিজ্যিক নাবিকদের জীবনও ঝুঁকির মুখে পড়ছে বলে সতর্ক করেন তিনি।

যুক্তরাষ্ট্র জানায়, ইউক্রেন ও ইউরোপীয় অংশীদারদের সঙ্গে নিরাপত্তার নিশ্চয়তা, ইউরোপীয় ইউনিয়নে সদস্যপদের পথ, যুদ্ধ-পরবর্তী সমৃদ্ধি পরিকল্পনা এবং সমঝোতার পর নিরাপত্তা ব্যবস্থা—এই চারটি বিষয়ে অগ্রগতি হয়েছে। আবুধাবিতে সাম্প্রতিক আলোচনার ভিত্তিতে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৈঠনের শেষ পর্যায়ে রাশিয়ার প্রতিনিধি অভিযোগ করেন, লিবিয়ার উপকূলে গত সপ্তাহান্তে দুটি সরবরাহকারী জাহাজ ও একটি সামরিক নৌযানে হামলার মাধ্যমে ইউক্রেন সামুদ্রিক হামলার পরিধি ও ভৌগোলিক বিস্তার বাড়িয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রতিনিধি রাশিয়ার অভিযোগকে ‘বিকৃত তথ্য ও দোষারোপ’ বলে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ইউক্রেনে আগ্রাসন শুরু করেছে রাশিয়া এবং এই যুদ্ধের জন্য মস্কোই সম্পূর্ণ দায়ী। একই সঙ্গে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানান তিনি।


সূত্র: আনাদোলু

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  কৃষ্ণসাগরে হামলা   জাতিসংঘ   রাশিয়া-ইউক্রেন   
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close