রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা      ● সোমবার সকাল থেকে ১০ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ      ● হামের উপসর্গ নিয়ে এক দিনে ৯ শিশুর ‍মৃত্যু      ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      
বিনোদন
প্যারিসের অপেরা আর বাংলার যাত্রাপালার সুরে একাকার ঢাকার সন্ধ্যা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:০৪ পিএম
ছবি আয়োজক।

ছবি আয়োজক।

ফরাসি অপেরার ধ্রুপদী সুর এবং বাংলা সংগীত ও ঐতিহ্যবাহী যাত্রাপালার আবেগ এক মঞ্চে মিলেমিশে তৈরি করল এক ভিন্নধর্মী ও স্মরণীয় সাংস্কৃতিক আবহ।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হলো বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের সংগীতানুষ্ঠান ‘ফ্রেঞ্চ অপেরা শো ব্লেন্ডেড উইথ বাংলা অপেরা’।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফরাসি লেখক ও ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী আঁদ্রে মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে ২১-২৯ নভেম্বর ঢাকায় আয়োজিত ‘ফরাসি সপ্তাহ’র (সেমেইন ফ্রঁসেজ) উদ্বোধনী আকর্ষণ এবং ‘দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপনী আয়োজন ছিল এটি।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং ঢাকাস্থ ফরাসি দূতাবাসের সহযোগিতায় যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড ও ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশন (ডিইউসিএফ)। ভেন্যু পার্টনার ও হোস্ট হিসেবে ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা।

প্রদর্শনী পরিদর্শন ও আনুষ্ঠানিক সমাপ্তি :

অনুষ্ঠানের শুরুতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এসে পৌঁছান বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত এবং আয়োজক কমিটির পৃষ্ঠপোষক জ্যঁ-মার্ক সেরে-শারলে। সেখানে তিনি দেশের বরেণ্য চিত্রশিল্পী রাশিদ খান-এর সঙ্গে পরিচিত হন।

উল্লেখ্য, শিল্পী রাশিদ খানের সম্প্রতি সমাপ্ত ‘রিভার স্ক্রিপ্ট’ প্রদর্শনীর পর ‘ফ্লেভারফুল বাংলাদেশ’ উৎসবের সঙ্গে যুক্ত হয়ে গত ১০ দিনব্যাপী তাঁর নতুন প্রদর্শনী ‘নদীর গল্প’ চলছিল।

ফরাসি রাষ্ট্রদূত শিল্পী রাশিদ খান, অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমান এবং ফরাসি অপেরা শিল্পী ভেরোনিক পেইন ও পিয়ানিস্ট ফ্যাব্রিস মেইত্রে-কে সঙ্গে নিয়ে ঘুরে ঘুরে চিত্রকর্মগুলো দেখেন এবং প্রদর্শনীটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। এরপরই তাঁরা মূল অপেরা অনুষ্ঠানে যোগ দিতে গ্র্যান্ড বলরুমে প্রবেশ করেন।

বক্তব্য ও দ্বিপাক্ষিক সম্পর্কের বার্তা :

মূল অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের সেক্রেটারি জেনারেল মারুফ কবির। এরপর ক্লাবের সভাপতি বরেণ্য সংগীতশিল্পী সুজিত মোস্তফা ক্লাবের কার্যক্রম তুলে ধরেন।

এএইচএম মোস্তাফিজুর রহমান ১০ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের প্রেক্ষাপট বর্ণনা করেন এবং ফরাসি ও বাংলা অপেরার এই বিশেষ সংমিশ্রণের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি টানার তাৎপর্য ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি এই ব্যতিক্রমী আয়োজনের জন্য আয়োজক ও শিল্পীদের অভিনন্দন জানান এবং বাংলাদেশ ও ফ্রান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উপস্থিত ছিলেন।

এ ছাড়া ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।

পরিবেশনা, দর্শক ও শিল্পের সংযোগ :

বক্তব্য পর্ব শেষে মঞ্চে আসেন দুই ফরাসি শিল্পী। ভেরোনিক পেইনের অপেরাধর্মী সুমধুর কণ্ঠের সঙ্গে পিয়ানোয় সুর তোলেন ফ্যাব্রিস মেইত্রে। পরিবেশনার আগে দুই শিল্পীই বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটি বিশেষ আয়োজনের অংশ হতে পেরে তাঁদের আনন্দ ও গর্ব প্রকাশ করেন।

তাঁদের সংগীত পরিবেশনাটি ফরাসি, আমেরিকান ও ইতালীয়—এই তিন ধারায় সাজানো হয়েছিল। ফরাসি পর্বে ‘কারমেন’ ও ‘লা বেল হেলেন’-এর মতো বিখ্যাত অপেরার অংশ, আমেরিকান পর্বে ‘পর্গি অ্যান্ড বেস’, ‘ক্যান্ডিড’ ও ‘মাই ফেয়ার লেডি’-র মতো মিউজিক্যালের অংশ এবং ইতালীয় পর্বে ‘টোস্কা’ ও ‘লা ত্রাভিয়াতা’-র মতো অপেরার নির্বাচিত অংশ পরিবেশন করেন দুই শিল্পী। পাশাপাশি বাংলাদেশি অপেরা অর্থাৎ ঐতিহ্যবাহী যাত্রাপালার সুর ও আবেগের সমন্বয়ে পরিবেশনায় যুক্ত হয় এক ভিন্ন মাত্রা।

অনুষ্ঠানে পরিবেশিত বেশ কিছু অপেরা ফরাসি ভাষায় হওয়ায় ভাষাগত দূরত্ব ঘোচাতে প্রতিটি পরিবেশনার আগে শিল্পীরা ইংরেজিতে সংশ্লিষ্ট অপেরার কাহিনি, চরিত্র ও প্রেক্ষাপট সংক্ষেপে ব্যাখ্যা করে দেন। এর ফলে ভাষা না বুঝলেও গানের মর্মার্থ, পুরাণ, প্রেম, বিরহ, যুদ্ধ, মৃত্যু, সামাজিক অবস্থান এবং মানবজীবনের বিচিত্র অভিজ্ঞতার নাটকীয়তা সহজেই অনুসরণ করতে পেরেছেন উপস্থিত দর্শকেরা।

অধিকাংশ পরিবেশনায় কণ্ঠ দেন ভেরোনিক পেইন এবং গানের ফাঁকে ফাঁকে পিয়ানোয় একক পরিবেশনার পাশাপাশি গানও শোনান ফ্যাব্রিস মেইত্রে। ভেরোনিক ও ফ্যাব্রিসের মতে, অপেরা কোনো নির্দিষ্ট শ্রেণির শিল্প নয়; ভালোবাসা, ঈর্ষা, বেদনা কিংবা সম্পর্কের টানাপোড়েনের মতো চিরচেনা অনুভূতিগুলোই অপেরার মূল শক্তি, যা ভাষা ও সংস্কৃতির সীমানা ছাড়িয়ে সবার মধ্যে সহমর্মিতা তৈরি করে।

জাতীয় সংগীত, প্রদর্শনী পরিদর্শন ও নৈশভোজ :

আয়োজনের শেষদিকে দুই ফরাসি শিল্পী বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ পরিবেশন করেন এবং উপস্থিত দর্শক-শ্রোতারা দাঁড়িয়ে তাঁদের সঙ্গে কণ্ঠ মেলান।

অনুষ্ঠানের শেষে ফেরার সময় সংস্কৃতিমন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী দুজনই শিল্পী রাশিদ খান এবং সুজিত মোস্তফাকে সঙ্গে নিয়ে পেইন্টিং এক্সিবিশনটি শেষবারের মতো ভিজিট করেন। সবশেষে আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজন করা হয় নৈশভোজ।

কৃতজ্ঞতা ও পার্টনারশিপ :

এই ঐতিহাসিক আয়োজনটি সফলভাবে সম্পন্ন করার পেছনে বিশেষ সহযোগিতার জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, ঢাকাস্থ ফরাসি দূতাবাস এবং ভেন্যু পার্টনার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-র প্রতি আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সাথে অনুষ্ঠানটির টিকেটিং পার্টনার গেট সেট রক, অনলাইন পার্টনার চ্যানেল আই এবং পিয়ানো/মিউজিক পার্টনার ইয়ামাহা-কে তাঁদের সার্বিক সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ জানানো হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্যারিসের অপেরা   বাংলার যাত্রাপালার সুর   ঢাকার সন্ধ্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close