বাংলাদেশের চলচ্চিত্রের ঝুলিতে যুক্ত হলো আরও একটি আন্তর্জাতিক অর্জন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ১২তম এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অভিনেত্রী নাজিফা তুষি। ‘রইদ’ চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ‘স্নো লেপার্ড অ্যাওয়ার্ড’ পেয়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই এই সুখবর জানিয়েছেন নাজিফা তুষি। পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, ‘রইদ’ চলচ্চিত্রের জন্য এই সম্মাননা পাওয়া তার কাছে অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।
পোস্টে তুষি বলেন, লস অ্যাঞ্জেলেসের এই চলচ্চিত্র উৎসবে ‘রইদ’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে তিনি সম্মানিত ও আনন্দিত। উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটাও তাদের জন্য ছিল বিশেষ আনন্দের। এশিয়ার বিভিন্ন দেশের মানসম্মত ও মৌলিক গল্প হলিউডের দর্শক এবং আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে তারা গর্বিত।
এই অর্জনের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি পরিবারের সদস্য, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা, দোয়া ও সমর্থনের কথা স্মরণ করেন অভিনেত্রী। একই সঙ্গে ‘রইদ’ চলচ্চিত্রের পুরো টিম, কলাকুশলী এবং নির্মাণের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
তুষি মনে করেন, এই পুরস্কার শুধু তার একার নয়; ‘রইদ’ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত সবার সম্মিলিত অর্জন।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এমন স্বীকৃতি বাংলাদেশের সিনেমার জন্যও একটি উল্লেখযোগ্য অর্জন।
কেকে/সাশ