আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এয়ারক্রাফট চাওয়ার দাবি হাস্যকর ও নজিরবিহীন। এ ধরনের দাবি উন্মাদনা ছাড়া কিছু নয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ট্রাইব্যুনালে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, পলাতক আসামির জন্য এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। বিদেশে পলাতক আসামিদের তৎপরতা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোকে জানানো ছাড়া বাংলাদেশের কিছু করার নেই।
আমিনুল ইসলাম বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের দাবি রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে যথাসময়ে জানানো হবে। দলটি নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হলে বিচারের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হতে পারে।
এদিকে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। তার বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সর্বোচ্চ সাজা, সম্পত্তি বাজেয়াপ্তসহ আনুষঙ্গিক শাস্তি প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ বলে জানান চিফ প্রসিকিউটর।
এদিন শুনানি দেখতে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। তাদের সঙ্গে ছিলেন ‘মায়ের ডাক’-এর সানজিদা ইসলাম তুলি।
কেকে/সাশ