ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের সমাপনী বক্তব্য দেওয়ার আগে সাংবাদিকদের কাছে এ প্রত্যাশার কথা জানান তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমাদের আইনে একজন ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই মামলায় আমরা সেটিই প্রত্যাশা করব।’
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এদিন মামলাটির তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে। প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে সমাপনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে অ্যাটর্নি জেনারেলের।
এর আগে বুধবার মামলাটিতে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর বলেন, মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া জিয়াউল আহসানকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) ঘোষণা করেছিলেন। এ কারণে তিনি সেনানিবাসে প্রবেশ করতে পারতেন না। চিফ প্রসিকিউটর আরও বলেন, এ ধরনের ব্যক্তিদের পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করে দেওয়া উচিত। তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই।
এ সময় ট্রাইব্যুনালে অন্য প্রসিকিউটর ও আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। মামলার যুক্তিতর্ক বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
মামলার প্রথম দিনের যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর জিয়াউল আহসানের সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস এবং মামলার আরেক সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি তুলে ধরেন। তাদের সাক্ষ্যের ভিত্তিতে জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ ছাড়া মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি উপস্থাপন করে সেনাবাহিনীতে জিয়াউল আহসানের কথিত বেপরোয়া কর্মকাণ্ডের বিষয়েও ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করেন চিফ প্রসিকিউটর।
কেকে/সাশ