অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে করা মামলায় আদালতে চারজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সাক্ষীদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হাফিজুল ইসলামও রয়েছেন। তবে তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে সাক্ষীরা সাক্ষ্য দেন। এদিন তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলেও তদন্ত কর্মকর্তার জবানবন্দি অসমাপ্ত থাকে।
আগামী ২৫ নভেম্বর তদন্ত কর্মকর্তার অবশিষ্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের স্টেনোগ্রাফার সোহানুর রহমান।
এদিন অন্য তিন সাক্ষী হলেন কুমিল্লা গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী সৌমিত রায়, বান্দরবানের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জুয়েল মজুমদার এবং কক্সবাজার উত্তর বন বিভাগের পরিচালক জহিরুল রহমান।
বেনজীর আহমেদ বর্তমানে পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। ফলে সাক্ষীদের জেরা করার সুযোগও পাননি তিনি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বেনজীর আহমেদের বিরুদ্ধে মামলাটি করেন। তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের অভিযোগে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা।
অভিযোগপত্রে বলা হয়, অর্থের অবৈধ উৎস, প্রকৃতি ও মালিকানা আড়াল করতে বেনজীর আহমেদ বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসাপ্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তর করেছেন।
গত ৮ মার্চ আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করে বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে গত ৩ মে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
কেকে/সাশ