ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। তবে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম চলমান রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৮ নভেম্বর) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ এ রিট আবেদন করেন। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, এবার প্রায় ৪৯ শতাংশ শিক্ষার্থী দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। এসব শিক্ষার্থীকে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিয়েছে সরকার। আগামী ২৩ ডিসেম্বর ওই পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে।
আইনজীবী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এতে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিয়েছে। কিন্তু ফল প্রকাশের আগেই যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, তাহলে এসব শিক্ষার্থী সেই সুযোগ কাজে লাগাতে পারবে না। এতে তাদের আরও এক বছর অপেক্ষা করতে হতে পারে এবং তারা হতাশায় ভুগতে পারে।
আইনজীবী আরও জানান, হাইকোর্টের আদেশ অনুযায়ী, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম চলবে। তবে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত থাকবে।
কেকে/ এমএস