বাংলাদেশসহ পাঁচ দেশের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা ও বাণিজ্যিক অসংগতি মোকাবিলার যুক্তিতে ১৪টি প্রধান বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) আট মাসের তদন্তের ফল প্রকাশ করে এ প্রস্তাব দেয়। এতে বাংলাদেশ ছাড়াও কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্কের সীমা নির্ধারণের কথা বলা হয়েছে।
তবে বাণিজ্য চুক্তির আওতায় নির্ধারিত নিম্ন শুল্কহার বহাল রাখার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। ইউএসটিআর জানিয়েছে, প্রস্তাবিত শুল্ক কার্যকরের আগে আগামী ২৫ জানুয়ারি জনশুনানি অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রিয়ার বলেন, যেসব দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে বা আলোচনা চলছে, সেসব চুক্তির আওতায় নির্ধারিত শুল্কসীমা বিবেচনায় নেওয়া হবে। তাঁর মতে, অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা মোকাবিলায় এসব চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এদিকে চীনের পণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে। বাণিজ্য আলোচনা ভেস্তে গেলে এ হার ৪০ শতাংশে উন্নীত হতে পারে। ভিয়েতনামের ক্ষেত্রে চুক্তি হলে ২০ শতাংশ এবং চুক্তি না হলে ৩৫ শতাংশ শুল্কের প্রস্তাব রয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের পণ্যে বিদ্যমান সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের (এমএফএন) শুল্কসহ ১৫ শতাংশ শুল্কসীমা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি, বিভিন্ন দেশ সরকারি ভর্তুকি, উৎপাদন খাতে সহায়তা এবং বাজারব্যবস্থায় হস্তক্ষেপের মাধ্যমে অতিরিক্ত পণ্য উৎপাদন করছে, যা মার্কিন শিল্প ও কর্মসংস্থানের জন্য ক্ষতিকর। তবে চীনের পক্ষ থেকে এ অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক উদ্যোগে আন্তর্জাতিক বাণিজ্যে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও। বুধবার লেনদেনের শুরুতে দেশটির প্রধান শেয়ারসূচকগুলো নিম্নমুখী হয়।
সূত্র: রয়টার্স
কেকে/সাশ