ভারতের পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকি ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশে হিন্দুদের হত্যার প্রতিশোধ নিতে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করার দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্জুন সিং বলেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ দখল করে নেব। যথেষ্ট হয়েছে, বাংলাদেশের জন্য আর কোনো ছাড় নেই। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমরা অবশ্যই নেব। এ নিয়ে কোনো সন্দেহ নেই।’
কাকতালীয়ভাবে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে আশ্রয় নেন তিনি। দুই বছরের বেশি সময় পর ঢাকায় ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন এই সাবেক প্রধানমন্ত্রী।
তবে তার দেশে ফেরার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আইনি জটিলতা। মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন।
শেখ হাসিনা দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পাশাপাশি ভ্রমণসংক্রান্ত নথিও চেয়েছেন। তবে তারেক রহমানের নেতৃত্বাধীন ঢাকার সরকার জানিয়েছে, প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব। সে ক্ষেত্রে তাকে হাতকড়া পরিয়ে কঠোর নিরাপত্তার মধ্যে দেশে আনার কথা বলা হয়েছে।
সোমবারও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে বলেন, প্রত্যর্পণ ছাড়া তাকে দেশে ফিরতে দেওয়া হবে না।
এদিকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী দিল্লি থেকে বাংলাদেশ বিমানের উড়োজাহাজে ঢাকায় ফিরতে চান।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তিনি সরকারের কাছে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য আকাশপথে পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।’
তবে শেখ হাসিনাকে দেশে ফেরাতে রাষ্ট্রীয় উড়োজাহাজ পাঠানোর দাবিকে ‘পাগলামি ছাড়া কিছু নয়’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন শেখ হাসিনা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন একপর্যায়ে সরকারবিরোধী গণ-অভ্যুত্থানে রূপ নেয়। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান তিনি।
আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় পরে তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে একাধিকবার ভারতের কাছে আবেদন জানিয়েছে ঢাকা। তবে নয়াদিল্লি জানিয়েছে, বিষয়টি পর্যালোচনাধীন রয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
কেকে/সাশ