ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে দেশটির শীর্ষ নেতাদের হত্যা করার পরিকল্পনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ নিয়ে প্রশাসন ও সামরিক বাহিনীর মধ্যে আলোচনা চলছে। তবে পরিকল্পনাটি বাস্তবায়ন করা নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। এক পক্ষের ধারণা, ইরানের কট্টরপন্থী নেতাদের হত্যা করা গেলে যুদ্ধ শেষ করার পথ তৈরি হতে পারে।
অন্যদিকে, এ পরিকল্পনার বিরোধীদের আশঙ্কা, ইরানের শীর্ষ নেতাদের হত্যা করা হলে শান্তি আলোচনার সম্ভাবনা নষ্ট হতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওপর ইরানের পাল্টা হামলার ঝুঁকিও বাড়বে।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ মঙ্গলবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা ও এ আলোচনার বিষয়ে অবগত আরেক ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে সামরিক অভিযান চালানোর বিষয়টি নতুন নয়। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ নিয়ে ট্রাম্প প্রশাসনের মধ্যে আলোচনা আবারও জোরালো হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কীভাবে শেষ করা যায়, তা নিয়ে বিভিন্ন পরিকল্পনা বিবেচনা করছেন।
প্রস্তাবের সমর্থকদের মতে, ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালালে দেশটির ক্ষমতাসীন নেতৃত্বের ওপর বড় ধরনের চাপ তৈরি হবে। এতে ওয়াশিংটন যে ইরানের নেতাদের অবস্থান শনাক্ত করে হামলা চালাতে সক্ষম, সেই বার্তাও দেওয়া যাবে। তাদের ধারণা, এমন পদক্ষেপ যুদ্ধ বন্ধের পথ তৈরি করতে পারে।
তবে প্রশাসনের অন্য একটি অংশ এ পরিকল্পনার বিরোধিতা করছে। তাদের আশঙ্কা, শীর্ষ নেতাদের ওপর হামলা হলে ইরানে যারা ক্ষমতায় থাকবেন, তারা আরও কঠোর অবস্থান নেবেন। এতে ভবিষ্যতে শান্তি আলোচনা ও সমঝোতার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন হামলার জেরে মার্কিন কর্মকর্তারাও ইরানের পাল্টা আক্রমণের ঝুঁকিতে পড়তে পারেন বলে সতর্ক করেছেন সামরিক কর্মকর্তাদের কেউ কেউ।
এদিকে ট্রাম্প এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে সামরিক পদক্ষেপসহ বিভিন্ন বিকল্প বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। তবে পেন্টাগন এ বিষয়ে এনবিসি নিউজের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। পরে তার ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন।
সূত্র: এনবিসি নিউজ
কেকে/সাশ