রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের ৪৯ জন সদস্য রয়েছেন। এ সময় বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র, হাতবোমা, ককটেলের অংশবিশেষ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ডিএমপির আটটি অপরাধ বিভাগ পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে অপরাধের আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় মোট ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বিভাগভিত্তিক গ্রেপ্তারের হিসাবে সবচেয়ে বেশি ১১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ১০০ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, উত্তরা বিভাগে ৪২ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, গুলশান বিভাগে ৪১ জন এবং রমনা বিভাগে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া চারটি রামদা, তিনটি ছুরি, একটি দা, একটি চাপাতি, পাঁচটি অবিস্ফোরিত হাতবোমা এবং বিস্ফোরিত তিনটি ককটেলের অংশবিশেষ জব্দ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ৫২২ পিস ইয়াবা ও আট বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া এক লিটার পেট্রোল, নগদ এক হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কেকে/সাশ