রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে মা ও তার দেড় বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন সাবা (৩০) ও তার দেড় বছর বয়সী ছেলে আবদুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাবার মৃত্যু হয়। আর শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মারা যায় শিশু আবদুর রহমান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজনসহ দুই পরিবারের মোট পাঁচজন দগ্ধ হন। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, সাবার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে শিশু আবদুর রহমানের শরীরের ৫৭ শতাংশ পুড়ে যাওয়ার পাশাপাশি শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় দগ্ধ অন্য তিনজন হলেন সানজিদা (২০), সামসুন নাহার (৫০) ও আবদুর রহমান (২৭)। তাদের শরীরের যথাক্রমে ৩৭, ৪০ ও ৬ শতাংশ পুড়ে গেছে। সানজিদা ও সামসুন নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কেকে/সাশ