স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী ও সুমনসহ বিভিন্ন সময়ে সংঘটিত গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানিয়েছেন, গুমের শিকার প্রায় ২০০ ব্যক্তির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। এসব ঘটনার বিষয়ে একযোগে তদন্ত চলছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর।
আমিনুল ইসলাম বলেন, গুমের শিকার প্রায় ২০০ ব্যক্তির অবস্থান এখনো জানা যায়নি। তারা বেঁচে আছেন কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এ কারণে সব অভিযোগ একসঙ্গে নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ করে যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
গুমের মামলার বিচারিক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, ইতোমধ্যে কয়েকটি গুমের মামলার বিচার শুরু হয়েছে। বেশ কয়েকটি মামলা শুনানির পর্যায়ে রয়েছে। গুমসংক্রান্ত আইন পাস হওয়ায় ব্যাপক ও পদ্ধতিগত গুমের ঘটনাগুলো এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনা সম্ভব হবে।
তদন্তাধীন মামলাগুলোর বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী, সুমনসহ বিভিন্ন গুমের ঘটনার তদন্ত চলছে। এসব তদন্তের অংশ হিসেবে শত শত ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলা, সাক্ষ্য গ্রহণ এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হচ্ছে।
তিনি বলেন, ‘গুমের তদন্ত ব্যাপক হওয়ায় শত শত ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলা, সাক্ষ্যগ্রহণ ও প্রয়োজনীয় আলামত সংগ্রহের কার্যক্রম চলছে। এসব কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে খুব শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের আশা করছি আমরা। এরপর গুমের ঘটনাগুলোর বিষয়ে বিচারের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।’
কেকে/সাশ