শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, তাদের কারাগারে যেতে হবে। এ সিদ্ধান্তের কোনো ব্যত্যয় ঘটবে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। বিদেশে পলাতক অন্য আসামিদের ক্ষেত্রে বাংলাদেশের আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া হয়, তার ক্ষেত্রেও একই ব্যবস্থা কার্যকর হবে। তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো বিমান, হেলিকপ্টার বা যানবাহন পাঠানোর আলোচনা সরকারের সঙ্গে কারও হয়নি।
শেখ হাসিনাকে গ্রেপ্তারে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, তিনি কোথায় আছেন, সেটিই নিশ্চিতভাবে জানা নেই। তবে ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের অবস্থান স্পষ্ট। শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার হবেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার ক্ষেত্রেও আইনি বিধিনিষেধ রয়েছে বলে জানান তিনি।
কেকে/সাশ