মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● অভিনেতা সোহেল খান আর নেই       ● শেখ হাসিনার জন্য এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা: চিফ প্রসিকিউটর      ● মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ১৮ কারখানায়      ● বাস্তবতা ও প্রত্যাশা এক নয়, শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে হুমায়ুন কবির      ● ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা      ● উত্তরাঞ্চলে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল কয়েকটি দেশ      ● দেশের বিভিন্ন স্থানে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন      
জাতীয়
নতুন প্রতিভার খোঁজে শুরু হচ্ছে ডিএনসিসি কাপ ফুটবল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:১৬ পিএম আপডেট: ২৪.১১.২০২৬ ১২:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তৃণমূল পর্যায় থেকে নতুন ফুটবল প্রতিভা তুলে আনা এবং তরুণদের খেলার মাঠে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে ‘ডিএনসিসি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকার মাঠে শুরু হবে এ প্রতিযোগিতা। এতে পুরুষ ও নারী বিভাগে ১০টি করে মোট ২০টি দল অংশ নেবে।

টুর্নামেন্ট উপলক্ষে সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতার লোগো, ট্রফি ও বিভিন্ন দলের জার্সি উন্মোচন করা হয়। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং সাবেক ও বর্তমান খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।

বসুন্ধরা হাউজিংয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

আয়োজকদের তথ্যমতে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি এলাকার প্রতিনিধিত্বকারী দলগুলো প্রতিযোগিতায় অংশ নেবে। মিরপুর, উত্তরা ও মোহাম্মদপুরসহ চারটি মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

পুরুষ বিভাগে অংশ নেওয়া দলগুলো হলো—উত্তরা রয়্যালস, মিরপুর রয়্যাল কিংস, মহাখালী ম্যাভেরিকস, মোহাম্মদপুর টাইগার্স, এফসি দিয়াবাড়ি রোভার্স, দক্ষিণখান ডমিনেটর্স, উত্তরখান ব্রেভার্স, ভাটারা ভাইকিংস ও বাড্ডা চ্যালেঞ্জার্স।

নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে উত্তরা কুইনস, মিরপুর রয়্যাল কুইনস, মহাখালী মার্ভেলস, মোহাম্মদপুর পার্লস, এফসি দিয়াবাড়ি ভ্যালকিরিজ, দক্ষিণখান ড্যাশার্স, উত্তরখান টাইগ্রেসেস, ভাটারা ভরটেক্স ও বাড্ডা লাইটনিং।

অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল বলেন, অতীতে ডিএনসিসি কাপ থেকে অনেক ফুটবলার জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছেন। ভবিষ্যতেও এ প্রতিযোগিতা নতুন প্রতিভা অন্বেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার মতে, এ ধরনের আয়োজন নতুন খেলোয়াড় তৈরির পাশাপাশি মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতেও সহায়ক।

প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, নগর উন্নয়ন কেবল রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। নগরবাসীর সুস্থতা নিশ্চিত করা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।

ফুটবল মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরিতে ভূমিকা রাখে উল্লেখ করে তিনি বলেন, খেলাধুলার সুযোগ বাড়ানো গেলে তরুণদের মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সহজ হবে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে খেলার মাঠ ও ক্রীড়া অবকাঠামো বাড়ানোর আশাবাদ জানান। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলমও তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক ধারায় রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, নগরবাসীকে সেবা দেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করাও সিটি করপোরেশনের দায়িত্ব। আগামী ৪ ডিসেম্বর বিভিন্ন এলাকার মাঠে একযোগে প্রতিযোগিতার খেলা শুরু হবে জানিয়ে তিনি আয়োজন সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও দল পরিচালকদের সহযোগিতা কামনা করেন।

প্রতিযোগিতার কারিগরি পরিচালক সাঈদ হাসান কানন বলেন, তরুণদের মুঠোফোনের আসক্তি ও মাদক থেকে দূরে রেখে মাঠমুখী করতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে। এ জন্য শিশু-কিশোরদের উপযোগী খেলার পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল এ উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি ফুটবলের সঙ্গে ক্রিকেটসহ অন্যান্য খেলাকেও সমান গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামও ডিএনসিসির এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকাতেও মেয়র কাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

রাজধানীতে খেলার মাঠের সংকট এবং শিশু-কিশোরদের মাঠবিমুখতা দীর্ঘদিনের সমস্যা। এ পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতার আয়োজন নতুন খেলোয়াড় তৈরির পাশাপাশি ফুটবলের জনপ্রিয়তা বাড়াতেও সহায়ক হতে পারে। বিশেষ করে নারী বিভাগে ১০টি দলের অংশগ্রহণ এ আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

তবে শুধু প্রতিযোগিতার আয়োজনই যথেষ্ট নয়। প্রতিভাবান খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ, পরবর্তী পর্যায়ে খেলার সুযোগ এবং মাঠগুলোর স্থায়ী ব্যবহার নিশ্চিত করাও জরুরি। এসব বিষয় কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে ডিএনসিসি কাপ তৃণমূল পর্যায়ে ফুটবল বিকাশে দীর্ঘমেয়াদি ভূমিকা রাখতে পারে।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:   ডিএনসিসি কাপ ফুটবল  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close