শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে তার সঙ্গে নয়, ভারতের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনাকে কীভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে, তা ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কি না, সে বিষয়ে তার সঙ্গে সরকারের কোনো আলোচনা নেই। এ বিষয়ে আলোচনা হবে ভারতের সঙ্গে। তিনি আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন এবং তার সাজা হয়েছে। তাকে বাংলাদেশ বিমানে, ভারতের বিমানে নাকি অন্য কোনো উপায়ে ফিরিয়ে আনা হবে, তা ভারত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।
শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তিনি দেখানোর চেষ্টা করছেন, তার সিদ্ধান্তের কারণেই অনেক কিছু হচ্ছে। এগুলো ব্লাফ। শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়ায় তার প্রত্যর্পণের ক্ষেত্রে এখন আর কোনো আইনি বাধা নেই।
তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত একজন ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে সেই দণ্ড কার্যকরের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। শেখ হাসিনা বর্তমানে যে দেশে অবস্থান করছেন, সেই রাষ্ট্রের কাছে তাকে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে।
প্রত্যর্পণের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। এরপর তাকে বাংলাদেশ বিমানে আনা হবে, নাকি ভারতের বিমানে পাঠানো হবে, তা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশ বিমানে করে আসতে চান। ভাগ্যিস, দেশে ফেরার পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার কথা বলছেন না। তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করতে হবে।
কেকে/সাশ