মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রপ্তানির সম্ভাবনা তুলে ধরতে ২৬ নভেম্বর শুরু প্রাণিসম্পদ সপ্তাহ      ● দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ      ● অভিনেতা সোহেল খান আর নেই       ● শেখ হাসিনার জন্য এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা: চিফ প্রসিকিউটর      ● মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ১৮ কারখানায়      ● বাস্তবতা ও প্রত্যাশা এক নয়, শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে হুমায়ুন কবির      ● ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা      
অর্থনীতি
রপ্তানির সম্ভাবনা তুলে ধরতে ২৬ নভেম্বর শুরু প্রাণিসম্পদ সপ্তাহ
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:২৮ পিএম আপডেট: ২৪.১১.২০২৬ ১:৩০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

দেশের অর্থনীতিতে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে প্রাণিসম্পদ খাত। বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতের জিডিপির আকার দাঁড়িয়েছে প্রায় ৯৪ হাজার ৯ কোটি টাকা। একই সময়ে খাতটির প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ। দেশের মানুষের দৈনিক প্রাণিজ পণ্য গ্রহণের প্রায় ৫৬ শতাংশ আসছে এ খাত থেকে।

প্রাণিসম্পদ খাতের এই অগ্রগতির পেছনে রয়েছে দুধ, মাংস ও ডিমের উৎপাদন বৃদ্ধি। ২০২৫-২৬ অর্থবছরে দেশে ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ, ৯০ দশমিক ৭০ লাখ মেট্রিক টন মাংস এবং প্রায় ২ হাজার ৫০৯ কোটি ডিম উৎপাদিত হয়েছে। এসব পণ্য দেশের মানুষের প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এদিকে প্রাণিসম্পদ খাতের উৎপাদন ও রপ্তানি সম্ভাবনা তুলে ধরতে আগামী ২৬ নভেম্বর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। এবারের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। তিন দিনব্যাপী কেন্দ্রীয় প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মন্ত্রী জানান, আগামী ২৬ নভেম্বর সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ সময় তিনি প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ প্রদান করবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাণিসম্পদ খাত দেশের খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং নারীর অর্থনৈতিক অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে শুধু অভ্যন্তরীণ চাহিদা পূরণ নয়, উৎপাদনশীলতা বৃদ্ধি, পণ্যের গুণগত মানোন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশেরও যথেষ্ট সম্ভাবনা রয়েছে এ খাতে।

মন্ত্রী বলেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ৩০৯ কোটি টাকার প্রাণী ও প্রাণিজাত পণ্য রপ্তানি হয়েছে। এ সময়ে রপ্তানি হওয়া পণ্যের পরিমাণ ৮ হাজার ৬৪৯ টন। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে মাংস ও মাংসজাত পণ্য, বুলস্টিক, ওমাসাম, চামড়া ও চামড়াজাত পণ্য, হাঁসের পালক, দুগ্ধজাত পণ্য ও কবুতর। এসব পণ্য যুক্তরাষ্ট্র, কানাডা, ভিয়েতনাম, চীন, হংকং, ইতালি ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে।

প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অবদানের স্বীকৃতি দিতে এবারের সপ্তাহে আটটি ক্যাটাগরিতে মোট ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হবে। এর মধ্যে আটটি স্বর্ণপদক এবং ১৫টি রৌপ্যপদক। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে স্বর্ণ ও রৌপ্য পদক দেওয়া হবে।

তিন দিনব্যাপী মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে। মেলা প্রাঙ্গণে ৩৮৪টি স্টল ও ৮৬টি প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। এসব স্টল ও প্যাভিলিয়নে ডেইরি ও পোলট্রি শিল্প, প্রাণিস্বাস্থ্য ও ভেটেরিনারি প্রযুক্তি, পশুখাদ্য ও পুষ্টি, গবেষণা ও উদ্ভাবন, প্রাণিজ খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং আধুনিক খামার ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হবে।

এ ছাড়া প্রাণিজ খাদ্যের পুষ্টিগুণ, মূল্য সংযোজন, নিরাপদ খাদ্য প্রস্তুত এবং সম্ভাবনাময় রপ্তানি পণ্য সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দেওয়া হবে। সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী, ফুড ফেস্টিভ্যাল, রেসিপি প্রতিযোগিতা, র‍্যাম্প শো, সড়ক র‍্যালি, টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান এবং প্রাণিসম্পদ খাতের সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে সেমিনার ও আলোচনা সভা। প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে গবেষণা ও প্রযুক্তি হস্তান্তরবিষয়ক আলোচনারও আয়োজন করা হবে।

মন্ত্রী বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, প্রযুক্তি ও উদ্ভাবনের প্রসার এবং নারী ও যুব উদ্যোক্তা তৈরির নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। একই সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদার করে আন্তর্জাতিক মানসম্পন্ন ও রপ্তানিমুখী প্রাণিসম্পদ শিল্প গড়ে তোলার পথ সুগম হবে।

তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাত এখন শুধু খাদ্য ও পুষ্টির জোগানদাতা নয়; এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। এ খাতের অর্জন ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে উৎপাদন আরও বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে হবে।

সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুক, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:   প্রাণিসম্পদ সপ্তাহ   রপ্তানির সম্ভাবনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close