রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে হেরোইন সম্রাট ও শীর্ষ মাদক ব্যবসায়ী চাপা আরিফের ঘনিষ্ঠ চার সহযোগীকে গ্রেপ্তার করেছে এসআরবি-২। তাদের কাছ থেকে একটি বিদেশি .৩২ ক্যালিবারের রিভলভার, ছয় রাউন্ড তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) ভোররাতে মোহাম্মদপুর থানাধীন পাবনা হাউজগলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজী (৩২), মো. সাইদুর ইসলাম রাব্বী (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।
এসআরবি-২’-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনা হাউজগলি এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ীর মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানের খবর পায় সংস্থাটি। পরে সেখানে অভিযান চালিয়ে চারজনকে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে শীর্ষ মাদক ব্যবসায়ী চাপা আরিফকেও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা উদ্ধার হওয়া অস্ত্র ব্যবহার করে ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তারা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। অপরদিকে নাইম কাজীর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও মাদকের ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/এমএ