চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যকে ঘিরে চলমান সংকটের সমাধান না হওয়ায় আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে এ কর্মসূচি শুরু হচ্ছে। শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বুধবার (২৫ নভেম্বর) রাতে আন্দোলন আরও জোরদার ও কার্যকর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সভা শেষে শিক্ষার্থীরা নতুন করে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন।
শিক্ষার্থীরা জানান, গত দুই মাসের বেশি সময় ধরে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। ঘোষিত কর্মসূচিগুলোও শান্তিপূর্ণভাবে পালন করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সংকট নিরসনে এখন পর্যন্ত কার্যকর ও টেকসই সমাধান আসেনি। ফলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ শিক্ষার্থীরা। সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ২৬ নভেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
আলোচনা সভা শেষে রাত ২টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন বিকেল ৩টায় চুয়েটের উপাচার্য ইস্যুতে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্যদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম চালু হয়। তবে সংকটের সমাধান না হওয়ায় প্রায় এক মাসের মাথায় আবারও শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
কেকে/সাশ