বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মাহফুজ রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ নাঈম মিজিকে মনোনীত করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি মাহফুজ রহমান বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম মিজি দর্শন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কার্যদিবসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর মাহফুজ রহমান বলেন, ‘শিক্ষার্থীদের মুক্তচিন্তার বিকাশ, সৃজনশীল চর্চা ও প্রতিযোগিতামূলক পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে কাজ করতে চাই। এ পথচলায় শুভাকাঙ্ক্ষী, সহযাত্রীসহ ক্যাম্পাসের সচেতন ব্যক্তি, লেখক, সাংবাদিক এবং শিক্ষকদের সহযোগিতা চাই।’
সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম মিজি বলেন, ‘আমাকে এত বড় দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় লেখক ফোরামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করব, ইনশা আল্লাহ।’
উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ জুলাই বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম প্রতিষ্ঠিত হয়। এর পর ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর আহ্বায়ক কমিটির মাধ্যমে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
তৎকালীন ২১ সদস্যের কমিটিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহবুব এ রহমানকে আহ্বায়ক এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসানকে সদস্যসচিব করা হয়েছিল।
কেকে/ এসএমএন