ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৭ সালের পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময় বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নিবন্ধন করতে পারবেন আগ্রহী গ্র্যাজুয়েটরা। একই সঙ্গে নিবন্ধন ফি ৫০০ টাকা কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ, সমাবর্তন উপকমিটি ও দায়িত্বপ্রাপ্তদের কাছে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, আগে সমাবর্তনের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছিল ৪ হাজার ৫০০ টাকা। নতুন সিদ্ধান্তে তা কমিয়ে ৪ হাজার টাকা করা হয়েছে। তবে ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা। অন্যান্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ধারিত ফি অপরিবর্তিত থাকবে।
এ ছাড়া যারা পূর্বনির্ধারিত ফি অনুযায়ী ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের জমা দেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে। সমাবর্তনে অতিথি হিসেবে মা-বাবা, স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে এবং অন্যান্য অভিভাবক (প্রযোজ্য ক্ষেত্রে) উপস্থিত থাকতে পারবেন।
আগামী ২ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহী গ্র্যাজুয়েটদের নিবন্ধন কার্যক্রম গত ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে শুরু হয়। নিবন্ধনের প্রাথমিক সময়সীমা ছিল ২৬ নভেম্বর পর্যন্ত। নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে ১০ ডিসেম্বর করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) এবং ২০১৫-১৬ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা এ সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন।
কেকে/ এসএমএন