রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দুই শিক্ষার্থীর মৃত্যুকালীন বিমার অর্থ (চেক) হস্তান্তর করেছেন উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপাচার্যের দপ্তরে মৃত দুই শিক্ষার্থীর অভিভাবকের হাতে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
প্রয়াত দুই শিক্ষার্থী হলেন রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেরাব হোসেন এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার।
চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, অর্থবিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. মুক্তার হোসেন, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডেপুটি প্রজেক্ট হেড মো. নাহিদুল ইসলাম প্রমুখ।
মো. মেহেরাব হোসেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চাঁদপুরের বিআরবি হসপিটালস লিমিটেডে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
রাফিদ শাহরিয়ার গত ২৩ সেপ্টেম্বর নগরীর কাজলা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। উন্নত চিকিৎসা নিশ্চিতে উপাচার্যের নির্দেশে তাকে হেলিকপ্টারযোগে ঢাকার ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে রুয়েট প্রশাসন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাফিদ শাহরিয়ার ২৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
নিয়মিত শিক্ষার্থীদের স্বাস্থ্য ও জীবনবিমা সুবিধার আওতায় নিয়ে এসেছে রুয়েটের বর্তমান প্রশাসন। স্বাস্থ্যবিমার আওতায় থাকা রুয়েটের কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সর্বোচ্চ এক লাখ টাকা বিমাসুবিধা পাবেন। আবার হাসপাতালে ভর্তি না হয়ে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকা বিমাসুবিধা মিলবে। একজন শিক্ষার্থী বিদেশে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে বছরে এক লাখ টাকা পর্যন্ত বিমাসুবিধা পাবেন।
এ ছাড়া, জীবনবিমার আওতায় থাকা রুয়েটের কোনো শিক্ষার্থী মারা গেলে তার পরিবার এককালীন সর্বোচ্চ দুই লাখ টাকা পাবে। প্রিমিয়াম জমা দেওয়া থেকে শুরু করে বিমাদাবি পর্যন্ত পুরো প্রক্রিয়া শিক্ষার্থীরা অনলাইনে সম্পন্ন করতে পারেন। রুয়েট প্রশাসন এই প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করে থাকে।
কেকে/এমএ