রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে টানা ৮৪ ঘণ্টার বেশি সময় ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাবি সংস্কার আন্দোলন ও মঞ্চ ২৪-এর নেতাকর্মীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে এ কর্মসূচি শুরু হয়। শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টায় কর্মসূচির ৮৪ ঘণ্টা পূর্ণ হলেও আন্দোলনকারীরা অবস্থান থেকে সরে যাননি।
রাবি সংস্কার আন্দোলনের সদস্যসচিব আরিফ আলভি বলেন, ভর্তি পরীক্ষা ও অডিটের অজুহাতে প্রশাসন রাকসু নির্বাচন নিয়ে কালক্ষেপণ করছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
মঞ্চ ২৪-এর সাংগঠনিক সম্পাদক আল ইমরান জিহাদ বলেন, রাকসু শিক্ষার্থীদের অধিকার। প্রশাসন নির্বাচন আয়োজন না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুল আলিম বলেন, রাকসু নির্বাচনে প্রায় দেড় কোটি টাকা ব্যয় হয়েছে। ব্যয়ের হিসাব সমন্বয় ও অডিট শেষ হওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
এর আগে উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম জানিয়েছিলেন, রাকসুর ব্যয়ের হিসাব এখনো প্রশাসনের হাতে পৌঁছায়নি। হিসাব সমন্বয়, অডিট ও ভর্তি পরীক্ষা শেষ হলে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সাধারণ শিক্ষার্থীদের অর্থ ব্যয়ের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করতেই প্রশাসন এ প্রক্রিয়া অনুসরণ করছে।
কেকে/সাশ