পিরোজপুরের বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে দুটি মোটরসাইকেল ও একটি মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাউখালী উপজেলার বেকুটিয়া এলাকার সত্য রায়ের ছেলে শান্তনু রায় শান্ত (২৫), সয়না-রঘুনাথপুর গ্রামের বাবর মাঝীর ছেলে সুনান মাঝী (১৪) এবং কেউন্দিয়া গ্রামের আজমল হক বাদল মৃধার ছেলে সাজিদুল হক সাজিদ (২৬)। আহতরা হলেন কাউখালীর পাঙ্গাশিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মাহফুজুর রহমান (২৫) ও পিরোজপুর সদর উপজেলার মধ্যরাস্তা এলাকার মধুর ছেলে জয় (২৬)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে পাঁচ যুবক কাউখালীর দিকে যাচ্ছিলেন। তারা বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচ আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শান্তনু রায় শান্ত মারা যান। পরে রাত সাড়ে ১১টার দিকে খুলনার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজিদ ও সুনান মাঝীর মৃত্যু হয়।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া সেতুতে দুর্ঘটনার খবর পেয়ে তাদের দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে আরও তিনজন গুরুতর আহত হওয়ার খবর পান তারা।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে তাদেরও খুলনায় স্থানান্তর করা হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বেকুটিয়া সেতুর পূর্ব অংশ কাউখালী উপজেলার এবং পশ্চিম অংশ পিরোজপুর সদর থানার আওতাধীন। দুর্ঘটনাস্থল পিরোজপুর সদর থানার অধীন হওয়ায় এ ঘটনায় আইনগত ব্যবস্থা ওই থানা নেবে।
কেকে/সাশ