পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজুর রহমান সবুজ। এর আগে তিনি দীর্ঘ সাড়ে ১৬ বছরের বেশি সময় একই বিভাগের উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (২৩ নভেম্বর) উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
২০০৩ সালের ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন মাহফুজুর রহমান সবুজ। পরবর্তী সময়ে ২০০৮ সালে সহকারী পরিচালক এবং ২০১২ সালে উপপরিচালক পদে পদোন্নতি পান।
তিনি বরগুনার আমতলী এ কে পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০৮ সালে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমাও অর্জন করেন।
বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে তিনি দৈনিক দিনকাল ও দৈনিক মুক্তকণ্ঠ পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। নতুন দায়িত্ব পালনে তিনি বিশ্ববিদ্যালয় পরিবারসহ সবার কাছে দোয়া কামনা করেছেন।
কেকে/ এসএমএন