রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রীড়া অবকাঠামো উন্নয়নে আগামী অর্থবছরে ফ্লাডলাইট, দুটি ফুটসাল গ্রাউন্ড, আধুনিক সুইমিংপুল ও ইনডোর স্টেডিয়াম নির্মাণে বরাদ্দ রাখার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একই সঙ্গে রাজশাহীর সামগ্রিক ক্রীড়াঙ্গনের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ ও খেলাধুলার পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২৭-এর ফাইনাল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘আগামী অর্থবছরে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের জন্য ফ্লাডলাইট, দুটি ফুটসাল গ্রাউন্ড, আধুনিক সুইমিংপুল ও আধুনিক ইনডোর স্টেডিয়াম নির্মাণে বরাদ্দ রাখা হবে।’
শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার অভ্যাস গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা খেলাধুলাকে কোনো ঐচ্ছিক বিষয় হিসেবে রাখিনি, বরং বাধ্যতামূলক বিষয়ে পরিণত করেছি। আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির পাঠ্যপুস্তকে খেলাধুলা নামে একটি বই সংযোজন করা হচ্ছে। এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে চাই।’
তিনি আরও বলেন, ‘সাধারণত দেখা যায়, সকালে অভিভাবকেরা সন্তানকে স্কুলে নিয়ে যান। স্কুল ছুটি হলে সন্তানকে বাসায় নিয়ে আসেন। কিন্তু আমরা এমন একটি ব্যবস্থা চালু করতে চাই, যেখানে অভিভাবকেরা সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার পাশাপাশি বিকেলেও খেলার মাঠে আসতে উৎসাহিত করবেন। কারণ, আমরা চাই খেলাধুলা তাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠুক।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি ব্যবস্থা বাস্তবায়নের চেষ্টা করছি, যেখানে খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অংশ হবে। পর্যায়ক্রমে চতুর্থ শ্রেণি থেকে শুরু করে পঞ্চম, ষষ্ঠ এবং দশম শ্রেণি পর্যন্ত খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। আশা করছি, ইনশাআল্লাহ, এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে পারব।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক, রাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
কেকে/ এসএমএন