বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● হামের প্রকোপে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২৬০      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৫২      ● নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের নির্দেশনার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল      ● নিষিদ্ধ সংগঠনের ৪৯ জনসহ রাজধানীতে গ্রেপ্তার ৪৯৭ জন      ● ইলিয়াস আলী-সালাহউদ্দিনসহ গুমের ঘটনায় তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর      ● ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন      
জাতীয়
আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:০৭ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ তার কার্যক্রমের মাধ্যমে নিজেদের একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত করেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘২০২৪’-এর গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে পতন ও পলায়নের পর এ দলটির রাজনৈতিক দল হিসেবে কোনো স্বীকৃতি নেই এবং বাংলাদেশের মানুষও তা দেবে না। ইতিহাস সাক্ষী যে জার্মানির নাৎসি বাহিনীর মতো গণহত্যাকারী কোনো ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি পৃথিবীর কোথাও আর রাজনীতিতে ফিরতে পারেনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর কখনো বাংলাদেশে প্রত্যাবর্তন করতে বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না।’

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পলাতক সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি কীভাবে ফিরতে চান, তা আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমে দেখা গেছে। তবে তিনি কেবল প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) অনুসারেই দেশে ফিরতে পারেন। সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিয়েছে এবং তারাও আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।’

মন্ত্রী মন্তব্য করেন, ‘আসিব আসিব বলিয়া’ কতদিন পার হবে—কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে। এসব নিয়ে সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই এবং  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

সালাহউদ্দিন আহমদ জানান, পলাতক নেতারা সীমান্তের ওপারে পশ্চিম ও পূর্ব অঞ্চলে অবস্থান করে দেশে লুকিয়ে থাকা নেতা-কর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন বা হরতালের মতো নাশকতামূলক কর্মসূচির নির্দেশনা দিচ্ছে। পলাতক শক্তি দেশে থাকা নেতা-কর্মীদের প্রতারণা ও ফাঁদে ফেলে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। দেশের জনগণ কখনোই তাদের এ ধরনের অপতৎপরতা মেনে নেবে না। 

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘কোনো প্রাণহানি ও সম্পদহানি ছাড়াই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলে তাদের পূর্বের সকল অপচেষ্টা ভণ্ডুল করে দিয়েছে। ভবিষ্যতেও কেউ উগ্রবাদী তৎপরতা, অগ্নিসন্ত্রাস বা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে অত্যন্ত কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেখানে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দেয়, সেখানে পুলিশের পাশাপাশি বিজিবিসহ অন্যান্য বাহিনী মোতায়েন করা একটি নিয়মিত ও রুটিন কার্যক্রম।;

তিনি জানান, মহান বিজয় দিবস সুচারুভাবে ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে সকল নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি একটি চলমান বিচারিক প্রক্রিয়া। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনকেও বিচারের আওতায় আনার বিধান রয়েছে। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে দল ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত রেখেছে।’

গোপালগঞ্জে নাশকতা ও পুলিশের কতিপয় কর্মকর্তার সম্পৃক্ততা বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব বা ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা দেওয়া হয়েছে। সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা ও কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও ক্লোজ করা হয়েছে। 

গার্মেন্টস খাতে শ্রমিক অসন্তোষের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের সম্মতিতে এবং মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে ন্যূনতম মজুরি নির্ধারণ ও স্বাক্ষরিত হয়েছে। এতে প্রকৃত শ্রমিক ও মালিকরা সন্তুষ্ট। বর্তমানে শ্রমিক অঞ্চলে গুজব ছড়িয়ে যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, তারা প্রকৃত শ্রমিক নন; বরং একটি মহল এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করছে এবং পেছনের ইন্ধনদাতাদের খতিয়ে দেখা হচ্ছে।’

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের বিষয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে এনসিপির কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সাথেও আলোচনার পরিকল্পনা রয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আওয়ামী লীগ   বাংলাদেশে রাজনীতি করাম   স্বরাষ্ট্রমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close