দেশে গেল ২৪ ঘণ্টায় ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৩৮ জন ও সন্দেহজনক দুইজন হামরোগীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৫ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র (হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম) থেকে পাঠানো স্বাস্থ্যবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য এতে তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মারা যাওয়া দুইজনের মধ্যে ময়মনসিংহ বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজন রয়েছেন। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
গেল ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র বা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ২৯ জন। বিভাগভিত্তিক নতুন শনাক্তের মধ্যে ঢাকায় ৩৭ জন, সিলেটে ৩০ জন, চট্টগ্রামে পাঁচজন ও রংপুরে দুইজনের হাম নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সারাদেশে মোট ২৬ হাজার ৩৭৪ জনের হাম নিশ্চিত হয়েছে এবং দুই লাখ ৬০ হাজার ৫২৮ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।
এ সময়ে নিশ্চিত হামে মোট ১০৫ জন ও সন্দেহজনক হামে ১ হাজার ২৫৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে মোট ২ লাখ ৩৩ হাজার ২৫৯ জন ভর্তি হয়েছে এবং ছাড়পত্র পেয়েছে দুই লাখ ২৪ হাজার ২৮৭ জন।
কেকে/এমএ