রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন ও আয়কর আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পৃথক অভিযানে মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজিবের সহযোগী আল আমিনকেও ককটেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মোট চারজন গ্রেপ্তার হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাদের মোহাম্মদপুর থানায় নিয়ে যায়।
আটকের সময় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন নিলয় ও ৩২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ জাবেদকে কে এম শাখাওয়াত মুনের সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় আওয়ামী লীগের আগামী ডিসেম্বরের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে তাকে বিভিন্ন প্রশ্ন করেন তারা। জবাবে শাখাওয়াত মুন জানান, তিনি বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত রয়েছেন।
আটক কে এম শাখাওয়াত মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করেছেন। কর্মজীবনে তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে তাকে ওই পদ থেকে বদলি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপপ্রেস সচিব হিসেবে সংযুক্ত করা হয়। সরকার পরিবর্তনের পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রদলের নেতা-কর্মীদের হাতে আটক হয়ে পুলিশের কাছে হস্তান্তর হওয়া তিনজন এবং ককটেলসহ গ্রেপ্তার আল আমিন বর্তমানে মোহাম্মদপুর থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেকে/সাশ