বাংলাদেশসহ যুক্তরাষ্ট্রের ১৬টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের পণ্যে নতুন আমদানি শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগে পরিচালিত তদন্তের ফল প্রকাশের পর নতুন শুল্কের প্রস্তাব দিতে পারে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় (ইউএসটিআর)। এতে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যেও প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্রগুলো জানিয়েছে, তদন্তের ফল মঙ্গলবার বিকেলেই প্রকাশ করা হতে পারে। নতুন শুল্ক আগেই আরোপ করা যুক্তরাষ্ট্রের বিদ্যমান শুল্কের সঙ্গে যুক্ত হবে।
যুক্তরাষ্ট্রের ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় বাংলাদেশের পাশাপাশি চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, মেক্সিকো, কম্বোডিয়া ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে তদন্ত চলছে।
তবে বাংলাদেশসহ কোন দেশের পণ্যে কত শতাংশ শুল্ক আরোপ করা হবে, তা এখনো স্পষ্ট নয়। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, দেশভেদে শুল্কের হার নির্ধারণ করা হতে পারে। তদন্তের আওতায় থাকা সব দেশের পণ্যে একই হারে শুল্ক আরোপের পরিকল্পনা নেই।
সাবেক মার্কিন বাণিজ্য কর্মকর্তা রায়ান মাজেরাসের ধারণা, তদন্তের প্রতিবেদনে ১৬টি বাণিজ্য অংশীদারের জন্য আলাদা শুল্কের প্রস্তাব থাকতে পারে। অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে বলে বিবেচিত দেশগুলোর বিভিন্ন খাতের পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে। এ শুল্কের সঙ্গে আগে আরোপ করা ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্কও যুক্ত হতে পারে।
এদিকে, নতুন শুল্ক আরোপের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্কসীমা বহাল রাখার কথা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে কী হারে শুল্ক নির্ধারণ করা হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন শুল্কের একটি অংশ ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বাতিল করা শুল্কের বিকল্প হিসেবে আসতে পারে। ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম বেড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, তদন্তের ফলাফল প্রকাশের পর বাংলাদেশের তৈরি পোশাকসহ অন্যান্য রপ্তানি পণ্যের ওপর নতুন শুল্কের প্রভাব কী হবে, তা নিয়ে নজর থাকবে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও রপ্তানিকারকদের। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো প্রকাশ করেনি মার্কিন প্রশাসন।
সূত্র: রয়টার্স
কেকে/সাশ