যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিনেটর-নির্বাচিত আবদুল এল-সায়েদের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। সবার জন্য সরকারি স্বাস্থ্যবিমা চালুর একটি প্রস্তাব নিয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে। এ কর্মসূচির নাম ‘মেডিকেয়ার ফর অল’ থেকে পরিবর্তন করে ‘ট্রাম্পকেয়ার’ রাখার প্রস্তাব দিয়েছেন এল-সায়েদ। তার এ প্রস্তাবের প্রশংসা করেছেন ট্রাম্প।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এল-সায়েদের সঙ্গে তার বৈঠক হবে।’ আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যে মাঝামাঝি কোনো সমাধান আসতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তবে বৈঠকের তারিখ জানাননি ট্রাম্প।
এল-সায়েদের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সরকারি স্বাস্থ্যবিমার আওতায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও জরুরি চিকিৎসাসেবাও থাকবে এ কর্মসূচির আওতায়।
এর আগে নির্বাচনী প্রচারের সময় এল-সায়েদকে নিয়ে সমালোচনা করেছিলেন ট্রাম্প। তবে সম্প্রতি তার প্রস্তাব সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর স্বাস্থ্যসেবা ইস্যুতে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতার পথ খুঁজছেন ট্রাম্প।
সূত্র : আলজাজিরা
কেকে/ এসএমএন