পুষ্টিগত দিক থেকে শক্তিশালী প্রজন্মের উদ্ভাবনী ক্ষমতাও বেশি বিকশিত হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করে গড়ে তুলতে সরকার গুরুত্ব দিচ্ছে।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এ আয়োজন করেছে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে রয়েছে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।
আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হবে।
কেকে/সাশ