গাজীপুরে মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রমিক অসন্তোষ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাজীপুরের শিল্পাঞ্চলজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনাবাড়ী, কাশিমপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, টঙ্গী, গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী, ভবানীপুর, বাঘের বাজার, নতুন বাজার এবং শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী, বৈরাগীর চালা ও কেওয়াসহ শিল্প অধ্যুষিত এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে গত কয়েক দিনের শ্রমিক অসন্তোষ ও উদ্ভূত পরিস্থিতির কারণে গাজীপুরের শিল্পাঞ্চলে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে কয়েকজন শ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রায় ২০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন জানান, দিনের শুরুতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেসব কারখানা খোলা রয়েছে, সেগুলোতে শ্রমিকদের সুশৃঙ্খলভাবে প্রবেশ করতে দেখা গেছে। এখন পর্যন্ত জেলার পোশাক কারখানাগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা কাজে যোগ দিয়ে শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম শুরু করেছেন।
কেকে/সাশ