কুয়াশা আর হিমেল বাতাসে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গার সীমান্তবর্তী উপজেলা জীবননগরে জেঁকে বসতে শুরু করেছে শীত। তাপমাত্রা কমার সঙ্গে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক রোগীর চাপ। অন্যদিকে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে উঠেছেন মৌসুমি গাছিরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের সর্বনিম্ন ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান।
শীতের প্রভাবে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে রোগীর চাপ। গত সপ্তাহের তুলনায় বহির্বিভাগে রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। শিশু ও বয়স্করা রোটা ভাইরাসজনিত ডায়রিয়া, সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছেন।
এদিকে খেজুরের রস সংগ্রহে গাছ প্রস্তুত ও নল বসানোর কাজ শুরু করেছেন গাছিরা। তাঁদের প্রত্যাশা, কয়েক দিনের মধ্যেই বাজারে মিলবে টাটকা খেজুরের রস ও গুড়।
তবে শীতের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিম্ন আয়ের মানুষের জীবনে। ভোরের ঠান্ডা উপেক্ষা করে কাজে বের হলেও যাত্রী ও কাজের সুযোগ কমে যাওয়ায় আয় কমছে রিকশাচালক ও দিনমজুরদের। সব মিলিয়ে শীতের আগমনী বার্তার সঙ্গে জীবননগরে বাড়ছে জনদুর্ভোগ।
উপজেলার মনোহরপুর গ্রামের মন্টু মল্লিক শীতের কষ্টের কথা জানিয়ে বলেন, ‘এই শীতে সকালে বাইর হওয়াই মুশকিল। ঠান্ডায় শরীর কাঁপে, হাত-পা অবশ হয়ি যায়। তবুও সংসার চালাতি হবি, তাই কষ্ট করিই বাইর হতি হয়। না হলি খাইতি পারবো না।’
আরেক কৃষক শফিউল্লাহ বলেন, ‘ভোরবেলা কাজে আসতি হয়। কাদামাটির মধ্যে কাজ করতি হয়। এই শীতে হাত-পা ঠান্ডায় একেবারে টালিয়ে যায়। তবুও পেটের দায়ে কাজ করতি হয়। কাম না করলে তো আর সংসার চলবি না।’
জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা বলেন, ‘শীতের প্রকোপে ঠান্ডাজনিত রোগ ও রোটা ভাইরাসের কারণে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন বহির্বিভাগে শিশু রোগীর চাপ বাড়ছে। শিশু ওয়ার্ডে গড়ে ৪০ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।’
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, ‘শীতের আগমনে প্রশাসনিকভাবে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে খেটে খাওয়া ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র বিতরণসহ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।’