সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের নবগ্রাম রেলওয়ে ওভারব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিএনজিচালক মোন্নাফ হোসেন ও যাত্রী চন্দন। তাদের দুজনের বাড়ি উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাতি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উল্লাপাড়া থেকে শাহজাদপুরগামী সিএনজিটি নবগ্রাম ওভারব্রিজ এলাকায় পৌঁছালে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং চালক ও যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উল্লাপাড়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরে মরদেহ থানায় নেওয়া হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বলেন, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত সি-লাইন বাস ও চালককে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কেকে/সাশ