উন্নয়ন প্রকল্প, যন্ত্রপাতি কেনাকাটা ও মেরামত এবং ওভারটাইমের নামে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে (বেবিচক) দিনব্যাপী অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৫ নভেম্বর) বেবিচকের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রাথমিক তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে সংস্থাটির আভিযানিক দল।
দুদক সূত্র জানায়, বেবিচকের ইলেকট্রো-মেকানিক্যাল (ই/এম) শাখায় ঠিকাদারদের বিল পরিশোধে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘুষ না দিলে বিল আটকে রাখা হয় বলেও অভিযোগ রয়েছে। অভিযানের সময় কয়েকজন ঠিকাদারের কাছ থেকে এ বিষয়ে তথ্য ও প্রমাণ সংগ্রহ করেন কর্মকর্তারা।
এ ছাড়া বছরে প্রায় ৫০ লাখ টাকা ওভারটাইম বরাদ্দের বিপরীতে বিভিন্ন শাখায় কর্মীদের দিনে ২০ থেকে ২২ ঘণ্টা কাজ দেখিয়ে অতিরিক্ত অর্থ উত্তোলনের অসংগতি পেয়েছে দুদক। যন্ত্রপাতি কেনাকাটা ও মেরামতের ক্ষেত্রেও সরকারি অর্থ আত্মসাতের প্রাথমিক তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে।
অভিযানকালে ই/এম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শুভাশিষ বড়ুয়ার কাছে বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চান দুদক কর্মকর্তারা। তবে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী দল।
বেবিচক কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। অনিয়ম বা দুর্নীতির সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দুদকের আভিযানিক দল সংগৃহীত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে দায়ীদের চিহ্নিত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ কমিশনে প্রতিবেদন জমা দেবে।
কেকে/ এসএমএন