চট্টগ্রামের পটিয়া উপজেলায় নাইখাইনে ফুলকলি কারখানার বর্জ্য ও দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসীর অভিযোগের পর প্রতিষ্ঠানটি সিলগালা করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কারখানা পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাকে মুঠোফোনে এ নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, কারখানার বর্জ্য শোধনাগার (ইটিপি) কার্যকর না রেখেই অপরিশোধিত তরল বর্জ্য সার্জেন্ট মহি আলম খালে ফেলা হচ্ছে। এতে খাল ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। দূষণের কারণে জনস্বাস্থ্য, কৃষিজমি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
এ সময় এনামুল হক এনাম বলেন, ‘জনগণের ক্ষতি করে কোনো শিল্পপ্রতিষ্ঠান পরিচালনা করতে দেওয়া হবে না। জনগণের স্বার্থই সবার আগে। তাদের দীর্ঘদিন ধরে সময় দেওয়া হলেও তারা কারও কথায় কর্ণপাত করছে না।’
জানা গেছে, এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে কারখানাটি পরিদর্শন করে দূষণ নিয়ন্ত্রণে কর্তৃপক্ষকে সময় বেঁধে দিয়েছিলেন সংসদ সদস্য। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবার সিলগালার নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, ২০১৯ সালে ইটিপি অকার্যকর রেখে খালে অপরিশোধিত বর্জ্য ফেলার অভিযোগে পরিবেশ অধিদপ্তর কারখানাটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছিল।
এ বিষয়ে বক্তব্য জানতে কারখানার ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
কেকে/ এসএমএন