কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলার ১৮ বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। এ মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১’-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের। নিহত জয়নাল আবেদীনও একই এলাকার বাসিন্দা ছিলেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১১ জানুয়ারি কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকার কোহিনুর হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন জয়নাল আবেদীন। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে হোটেলে আসেন শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের। একপর্যায়ে চা-পুরি খাওয়ানোর কথা বলে জয়নালকে সঙ্গে নিয়ে যান তারা। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।
পরদিন ১২ জানুয়ারি সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার মাটিকাটা হাওরের মাঝখান থেকে জয়নালের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রাথমিকভাবে টাকা-পয়সার বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের মানিকসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন নিহতের স্ত্রী। পরে মানিক ভুঞা ও জামিল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
পরবর্তীতে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়। তদন্তে আগের গ্রেপ্তার ব্যক্তিদের হত্যাকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাদের মামলা থেকে বাদ দেওয়া হয়। পরে তদন্ত শেষে শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহেরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সিআইডি।
দীর্ঘ ১৮ বছর ধরে চলা বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কেকে/ এসএমএন