রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও কর্মচারীর অভাবে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। ২৮৫টি অনুমোদিত পদের মধ্যে শূন্য রয়েছে ৯০টি। এর মধ্যে তিন বছর ধরে অ্যাম্বুলেন্স চালক না থাকায় বন্ধ রয়েছে অ্যাম্বুলেন্স সেবা। গ্যারেজে পড়ে আছে দুটি অ্যাম্বুলেন্স। এ ছাড়া গত ১০ বছর ধরে শূন্য রয়েছে জুনিয়র মেকানিকের পদ।
প্রায় তিন লাখ মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসা ৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালে দীর্ঘদিন ধরে জনবল সংকট চললেও এর সমাধান হচ্ছে না। ফলে সীমিতসংখ্যক চিকিৎসক ও কর্মচারীকে অতিরিক্ত চাপ নিয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও আউটসোর্সিংসহ মোট ২৮৫টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১৮৯ জন। প্রেষণে রয়েছেন ৯ জন, স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন একজন এবং ছুটিতে রয়েছেন তিনজন। সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা ৯০টি।
চিকিৎসকদের জন্য অনুমোদিত ৪৩টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২৫ জন। এর মধ্যে চারজন ঢাকার বিভিন্ন হাসপাতালে প্রেষণে দায়িত্ব পালন করছেন। একজন স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন এবং দুজন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। শূন্য রয়েছে ১৮টি পদ। দীর্ঘদিন ধরে মেডিসিন, কার্ডিওলজি, অর্থোপেডিকস, সার্জারি, অপথালমোলজি এবং চর্ম ও যৌন রোগ বিভাগের জুনিয়র কনসালট্যান্ট নেই। ফলে এসব বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পাচ্ছেন না রোগীরা।
নার্সিং বিভাগেও রয়েছে জনবল ঘাটতি। নার্সিং সুপারভাইজারের দুটি পদের বিপরীতে কর্মরত রয়েছেন একজন। সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফের ৪০টি পদের বিপরীতে কর্মরত ৩৬ জন। এ ছাড়া তিনজন প্রেষণে এবং দুজন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন।
তৃতীয় শ্রেণির নিয়মিত কর্মচারীদের ৮৯টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৫৭ জন। এ শ্রেণিতে শূন্য পদ ৩২টি। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে ৪৩ জনের বিপরীতে কর্মরত ৪০ জন। অন্যদিকে চতুর্থ শ্রেণির ৩১টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১০ জন। এ শ্রেণিতে শূন্য পদ ২১টি।
অফিস সহায়কের ১০টি পদের বিপরীতে কর্মরত তিনজন, কুক মশালচীর তিনটি পদের বিপরীতে দুজন এবং পরিচ্ছন্নতাকর্মীর পাঁচটি পদের বিপরীতে রয়েছেন মাত্র দুজন।
কারিগরি জনবল সংকটের কারণে হাসপাতালের গুরুত্বপূর্ণ সেবাও ব্যাহত হচ্ছে। গত তিন বছর ধরে অ্যাম্বুলেন্স চালক না থাকায় দুটি অ্যাম্বুলেন্স অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় গাড়ি দুটিতে ধুলাবালি জমেছে, দেখা দিয়েছে নষ্ট হওয়ার আশঙ্কা। এ ছাড়া এক্স-রে টেকনিশিয়ান ও অপারেটরের অভাবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতেও ভোগান্তিতে পড়ছেন রোগীরা।
সরেজমিনে হাসপাতালের বহির্বিভাগে গিয়ে দেখা যায়, চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড়। চিকিৎসকদের কক্ষের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে অনেককে। প্রতিদিন বহির্বিভাগে গড়ে ৩০০ থেকে ৪০০ রোগী চিকিৎসা নিতে আসেন। অথচ নিয়মিত চিকিৎসাসেবা দিচ্ছেন মাত্র চারজন চিকিৎসক। ফলে রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
জনবল সংকটের পাশাপাশি হাসপাতালটির অবকাঠামোগত সমস্যাও রয়েছে। এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ ১৬ দফা উন্নয়ন প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে হাসপাতালের স্টোর নির্মাণ, সীমানাপ্রাচীর মেরামত ও উঁচু করা, পুরোনো হাসপাতাল ও আবাসিক ভবন সংস্কার, কর্মচারীদের আবাসিক কোয়ার্টার নির্মাণ এবং রোগীদের জন্য আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা।
এ ছাড়া জরুরি বিভাগের আয়তন বৃদ্ধি ও আধুনিকায়ন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ, ২০ কক্ষবিশিষ্ট ডরমিটরি নির্মাণ, ক্যান্টিন ও আবাসিক মেডিকেল কর্মকর্তার কক্ষ স্থাপন, বহির্বিভাগে চিকিৎসকদের বসার কক্ষ নির্মাণ এবং হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনায় ডিজিটাল পিট স্থাপনের প্রস্তাব রয়েছে। পাশাপাশি বাহাদুরপুর সেনগ্রাম সাব-সেন্টার পুনঃস্থাপন, মসজিদের উন্নয়ন ও রান্নাঘর সংস্কারের বিষয়টিও প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনায় হাসপাতালটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আবাসন সুবিধা আধুনিকায়ন এবং নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গিয়াস উদ্দিন খান বলেন, ‘হাসপাতালে গড়ে ৮০ থেকে ৯০ জন রোগী ভর্তি থাকেন। আশপাশের উপজেলা থেকেও অনেক রোগী এখানে ভর্তি হন। চিকিৎসক ও জনবল সংকট থাকায় অতিরিক্ত চাপ নিয়ে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের শূন্যপদে চিকিৎসক, অ্যাম্বুলেন্স চালক, টেকনিশিয়ান ও অপারেটর নিয়োগের চাহিদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আশা করছি, সরকারি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এ সংকটের সমাধান হবে।’
তিনি আরও বলেন, ‘আমি যোগদানের পর থেকেই হাসপাতালের চিকিৎসার মান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে কাজ করছি। সংকট কেটে গেলে এখানে মানসম্মত চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে।’
কেকে/ এসএমএন