লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সার কার্ডের মাধ্যমে সার বিতরণে ফিরেছে শৃঙ্খলা। নির্ধারিত পরিমাণ সার সহজে সংগ্রহ করতে পারায় কমেছে কৃষকদের ভোগান্তি। পাশাপাশি সরকারি বরাদ্দের সার সুষম বণ্টন ও অনিয়ম প্রতিরোধেও ইতিবাচক ভূমিকা রাখছে এ উদ্যোগ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নে গত ১ নভেম্বর থেকে সার কার্ডের মাধ্যমে সার বিতরণ শুরু হয়েছে। উপজেলায় ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় শ্রেণির মোট ৭৫ হাজার ৫০০ জন নিবন্ধিত কৃষক রয়েছেন। এর মধ্যে ৫০ হাজার ৪৫০ জনের হাতে ইতোমধ্যে সার কার্ড পৌঁছেছে। বাকি কৃষকদের কার্ড বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে।
কৃষি বিভাগের মতে, সার বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রকৃত কৃষকদের শনাক্ত করে তাদের প্রাপ্য অনুযায়ী সার সরবরাহ করা সহজ হচ্ছে।
সরেজমিনে বিভিন্ন ইউনিয়নের সার বিক্রয়কেন্দ্র ঘুরে দেখা গেছে, কৃষকরা কার্ড দেখিয়ে নির্ধারিত পরিমাণ সার সংগ্রহ করছেন। আগের মতো দীর্ঘ লাইন ও বিশৃঙ্খল পরিস্থিতি নেই বলে জানিয়েছেন তারা।
পাটিকাপাড়া ইউনিয়নের কৃষক সাইফুল ইসলাম বলেন, ‘আগে সার সংগ্রহ করতে গিয়ে নানা ঝামেলা পোহাতে হতো। এখন সার কার্ড থাকায় সহজেই নির্ধারিত পরিমাণ সার পাওয়া যাচ্ছে।’
টংভাঙ্গা এলাকার কৃষক রেজাউল হক বলেন, ‘আগে সার সংগ্রহ করতে গিয়ে অনেক সময় হয়রানির শিকার হতে হতো। এখন কার্ডের মাধ্যমে সার পাওয়ায় সেই ভোগান্তি অনেকটাই কমেছে। এতে সারের প্রাপ্যতা নিয়ে দুশ্চিন্তাও দূর হচ্ছে।’
গোতামারী ইউনিয়নের বিসিআইসি ডিলার মেসার্স আফজাল হোসেনের স্বত্বাধিকারী মো. আফজাল হোসেন বলেন, ‘সার কার্ডের মাধ্যমে বিতরণ করায় প্রকৃত কৃষকদের শনাক্ত করা সহজ হচ্ছে। পাশাপাশি সারের সঠিক হিসাব সংরক্ষণ ও সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা সম্ভব হচ্ছে।’
হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হারুন মিয়া বলেন, ‘উপজেলায় সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। সরকারি বরাদ্দের সার স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দিতেই কার্ডের মাধ্যমে বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। এতে কৃষকদের প্রাপ্যতা নিশ্চিত করার পাশাপাশি অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে তদারকি করছেন। উপজেলা কৃষি অফিস থেকেও নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।’
সংশ্লিষ্টদের মতে, সার বিতরণে এ ধরনের ব্যবস্থা দেশের অন্যান্য অঞ্চলেও চালু করা গেলে সরকারি বরাদ্দের সুষম বণ্টন নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রকৃত কৃষকরা তাদের ন্যায্য প্রাপ্য পাবেন।
কেকে/ এসএমএন