নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে মহানগর ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাদুঘর মোড় এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় গুলিবর্ষণের অভিযোগও উঠেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমন জানান, নিষিদ্ধ ছাত্রলীগের শাহিনুর নামের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার পর এ ঘটনার সূত্রপাত হয়। সংঘর্ষে আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতা সাফায়েত হোসেন মান্না ও পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
কেকে/সাশ