জামালপুরে ভেকু দিয়ে মাটি কেটে এক বীর মুক্তিযোদ্ধার জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে তারই ছোট ভাইয়ের বিরুদ্ধে।
গত ১৩ নভেম্বর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের পূর্বপাড় দিঘুলি খামারবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
জামালপুর থানায় এ বিষয়ে অভিযোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের পূর্বপাড় দিঘুলি খামারবাড়ি এলাকার মৃত মোজাফফর সরকারের ছেলে মোয়াজ্জেম হোসেনের (৭৫) সাথে তার ছোট ভাই মোস্তাফিজুর রহমানের (৬০) দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। ২০১৯ সালের ৯ জানুয়ারি রেজিস্ট্রিকৃত হেবা ঘোষণাপত্র দলিলের মাধ্যমে মোয়াজ্জেম হোসেন তার মেয়ে ইসরাত জাহান শায়লার (৪২) নামে ৭৫ শতাংশ জমি হস্তান্তর ও দখল বুঝিয়ে দেন। পরবর্তী তার মেয়ে ইসরাত জাহান শায়লা নামজারী করে নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন। ওই জমির প্রায় ৩০ শতাংশ জায়গায় মৌসুমি শাকসবজি চাষাবাদ এবং কলা, বেলসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ লাগিয়ে ভোগদখলে রয়েছেন তিনি। কিন্তু ওই ৭৫ শতাংশ জমির মধ্যে ১৬ শতাংশ জমি বেদখল করার চেষ্টা চালিয়ে আসছিলো ইসরাত জাহান শায়লার চাচা ও বীর মুক্তিযোদ্ধার ভাই ও ভাতিজা। এ নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে।
মোয়াজ্জেম হোসেন বলেন, গত ১৩ নভেম্বর সকালে আমার ছোট ভাই মোস্তাফিজুর রহমান ও তার ছেলে তানবীদসহ (৩৫) তাদের লোকজন ওই জমিতে ঢোকে এবং ভেকু দিয়ে জোরপূর্বক মাটি কাটতে শুরু করে। এ সময় আমি বাধা দিলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভেকু চাপা দিয়ে মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে তারা মারধরের জন্য তেড়ে এলে স্থানীয় লোকজন এগিয়ে এসে আমাকে রক্ষা করে। এছাড়া জমিতে গেলে বা একা পেলে খুন করে লাশ গুম করে ফেলবে এবং মামলায় জড়িয়ে জেল খাটানোর হুমকিও দিয়েছে তারা।
বীর মুক্তিযোদ্ধার মেয়ে ইসরাত জাহান শায়লা জানান, আমার বাবা আমাকে ৭৫ শতাংশ জমি লিখে দিলে পরবর্তী আমি বাবাকে ১০ শতাংশ জমি লিখে দেই। কিন্তু ওই জমিতে আমার চাচার নিজের কোন জমি না থাকলেও তিনি তার সুবিধামত রাস্তার পাশের জায়গা জোরপূর্বক দখল করেছেন। আমাদের জমি থেকে ভেকু দিয়ে মাটি ও গাছ কেটে ফেলেছেন। এ বিষয়ে আমার বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানতে চাইলে মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমিও জমির মালিক। আমার বড় বোনের জমি থেকে মাটি কেটে আমি আমার জমিতে ফেলেছি। এই জমি নিয়ে আদালতে মামলাও রয়েছে।’
জামালপুর সদর উপজেলার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মকবুল হোসেন বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মাটি কাটতে নিষেধ করে আসি। পরবর্তী আমরা সদর থানার মাধ্যমে মোয়াজ্জেম হোসেনের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করছি, জমি সংক্রান্ত বিরোধে সমাধান পেতে তাদের আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছি।
কেকে/এমএ