কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী ও তার শিশুসন্তান গুরুতর আহত হয়েছেন। আহত দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় প্রথমে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়। নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন। পরে এ ঘটনায় আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে নিহত পাঁচজনের কারও পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী আবু বক্কর জানান, সংঘর্ষের পরপরই মহাসড়কের ওই অংশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা থেকে আহত নারী ও শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাযদার বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। সংঘর্ষের পর মহাসড়কের উভয় পাশে আটকে পড়া যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।’
কেকে/ এসএমএন