মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০      ● ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত রাখল বিমান      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯      ● হামের উপসর্গে আরও ৯ শিশুর প্রাণহানি      ● ঢাকার গণপরিবহনে বড় পরিবর্তন, আসছে ৩ হাজার ইলেকট্রিক বাস      ● আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১      ● বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে নিহত ৩, আহত ২      
দেশজুড়ে
কমলগঞ্জে মহারাসলীলা ও খাসিয়াদের বর্ষবিদায় উৎসবে বর্ণিল আয়োজন
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

খোল-করতাল, ভক্তিগীতি ও রাখাল নৃত্যের ছন্দে মুখর হয়ে উঠেছে মৌলভীবাজারের কমলগঞ্জ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণিল আয়োজনে শুরু হয়েছে মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মহারাসলীলা। একই সঙ্গে মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে উদযাপিত হয়েছে খাসিয়াদের বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কূটস্নেম’। দুই সম্প্রদায়ের পৃথক আয়োজনে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) শারদীয় পূর্ণিমা তিথিতে কমলগঞ্জের মাধবপুর ও আদমপুরে পৃথকভাবে শুরু হয় মণিপুরি মহারাসলীলা। 

বুধবার (২৫ নভেম্বর) ভোর পর্যন্ত চলে শ্রীকৃষ্ণের রাসলীলার পরিবেশনা। এবার মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের ১৮৪তম এবং আদমপুরের মণিপুরি কালচারাল কমপ্লেক্সে মৈতৈ মণিপুরি সম্প্রদায়ের ৪১তম রাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উৎসব ঘিরে বসেছে ঐতিহ্যবাহী মেলা। দেশি-বিদেশি দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে মণিপুরি পল্লি।

সোমবার (২৩ নভেম্বর) মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় খাসিয়াদের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব ‘সেং কূটস্নেম’। খাসিয়া বর্ষপঞ্জির ১২৭তম বর্ষকে বিদায় জানিয়ে ১২৮তম বর্ষকে বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিলেট বিভাগের প্রায় ৫০টি পুঞ্জির নারী-পুরুষ ও শিশু-কিশোররা অংশ নেন।

উৎসবে খাসিয়াদের ঐতিহ্যবাহী পোশাক, লোকনৃত্য, নিজস্ব ভাষার গান, তীর-ধনুক ও গুলতি চালানোসহ নানা লোকজ খেলাধুলার আয়োজন ছিল। পাশাপাশি মাতৃভাষায় শিক্ষা বিস্তার ও ভাষা সংরক্ষণের উদ্যোগ হিসেবে খাসি ভাষার প্রাথমিক স্তরের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্যমতে, ১৮৯৯ সালের ২৩ নভেম্বর খাসি ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতন তরুণদের উদ্যোগে ‘সেং খাসি’ সংগঠন প্রতিষ্ঠিত হয়। সেই ঐতিহাসিক দিন স্মরণে প্রতিবছর বর্ষবিদায় উৎসব পালন করা হয়। বাংলাদেশে ২০১১ সাল থেকে উৎসবটি বড় পরিসরে উদযাপিত হচ্ছে।

মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট চাঁদমুরারি সিংহ স্বপন জানান, রাস উৎসবে দেশ-বিদেশ থেকে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটেছে। 

খাসিয়া পুঞ্জির আয়োজকেরা জানান, নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ উৎসবের অন্যতম উদ্দেশ্য।

উৎসব দুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হয়।

কমলগঞ্জে দুই সম্প্রদায়ের এই আয়োজনের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে বাংলাদেশের বহুজাতিক সাংস্কৃতিক ঐতিহ্য, সম্প্রীতি ও বৈচিত্র্যের অনন্য দৃষ্টান্ত।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  কমলগঞ্জ   মণিপুরি মহারাসলীলা   খাসি সেং কূটস্নেম   রাস উৎসব   সাংস্কৃতিক উৎসব   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close