কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১ লাখ ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে দ্বিতীয় অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি ইয়াবাসহ নৌকা ফেলে পালিয়ে যায়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে টেকনাফের শাপলা চত্বর ও সকাল ১০টার দিকে নাফ নদীসংলগ্ন ১ নম্বর স্লুইস গেট এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, প্রথম অভিযানে কক্সবাজারগামী একটি সাদা রঙের প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে পেছনের সিটে বিশেষ কৌশলে লুকানো ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়িচালক মো. ইয়াসিন (৪১) আটক হন। জব্দ করা হয় ইয়াবা পরিবহনে ব্যবহৃত গাড়ি ও একটি ভিভো মোবাইল ফোন।
দ্বিতীয় অভিযানে নাফ নদী দিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকায় আসা দুই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা ও মালামাল ফেলে কেওড়াবাগানে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পলাতক ব্যক্তিরা হলেন ইমরান ও ইয়াসের (২৪)।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘সীমান্ত দিয়ে মাদক পাচার ও অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। এ লক্ষ্যে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।’
উদ্ধার করা ইয়াবা, জব্দ করা গাড়ি, নৌকা ও মোবাইল ফোন এবং আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
কেকে/ এসএমএন